জয়ী স্পেন সুন্দর স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসেন্তে দেল বস্কের মুখে হাসি কে কবে দেখেছে, গবেষণার ভালো একটা বিষয় হতে পারে এটা। স্পেন কোচকে দেখলে এমনিতেই সব সময়ই ভীষণ সিরিয়াস মনে হয়, পরশু মনে হলো আরও বেশি। পাথুরে মুখ নিয়ে বসে থাকলেন ডাগ-আউটে। হন্ডুরাসের বিপক্ষে দল শুরু থেকেই দুর্দান্ত খেলল, জিতল ২-০ গোলে। কিন্তু চেহারায় পরিবর্তনের চিহ্নমাত্র নেই। কারণটা জানা গেল ম্যাচ শেষে, ‘আমার মনে হয় না আমরা খুব ভালো খেলেছি!’ ওয়েবসাইট।বরাবরের মতোই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেন (৫৭%), গোলে শট নিয়েছে ২২টি, এর ৮টি ছিল ঠিক লক্ষ্যে। অবিশ্বাস্য মনে হতে পারে, পুরো ম্যাচে কোনো সেভই করতে হয়নি ইকার ক্যাসিয়াসকে! হন্ডুরাস ম্যাচে গোলে যে নয়টি কিক নিয়েছে, ঠিক লক্ষ্যে ছিল না এর একটিও। এমন একতরফা ম্যাচেও খুশি নন দেল বস্ক? স্প্যানিশ কোচকে সন্তুষ্ট করতে পারছে না ম্যাচের স্কোরলাইন, ‘এই জয়ে চিলির বিপক্ষে ম্যাচের জন্য ভালো একটা ক্ষেত্র প্রস্তুত করেছি আমরা। তবে আমাদের আরও অনেক গোল করা উচিত ছিল। আমাদের পারফরম্যান্সে আমি খুব একটা সন্তুষ্ট নই।’ম্যাচ যাঁরা দেখেছেন, তাঁরা অবশ্য একমত হতে পারেন স্পেন কোচের সঙ্গে। হন্ডুরাসের জালে অনায়াসেই ১০-১২ গোল ঢোকাতে পারত স্পেন। দু গোল করা ডেভিড ভিয়া হ্যাটট্রিক না পাওয়ার আফসোসে পুড়ছেন পেনাল্টি মিস করে, কিন্তু ওই পেনাল্টি ছাড়াও তিনি পেতে পারতেন আরও তিন-চার গোল। সেরা ফর্মের কাছাকাছি থাকলেও দু-তিন গোল দিয়ে ফেলতে পারতেন ফার্নান্দো তোরেস, এমনকি সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারলে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন ডিফেন্ডার সার্জিও রামোসও।ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি পেতে পারত স্পেন, বক্সের ভেতর ওয়াল্টার মার্টিনেজের হ্যান্ডবল চোখ এড়িয়ে গেছে জাপানি রেফারি ইয়ুচি নিশিমুরার। ৬ মিনিটে ভিয়ার শট লাগে গোলবারে, ৪ মিনিট পর খুব কাছ থেকে নেওয়া রামোসের হেড চলে যায় বারের ওপর দিয়ে—মানে ১০ মিনিটের ভেতর ৩-০ গোলে এগিয়ে যেতে পারত স্পেন। পুরো ম্যাচেই এমন মিসের মহড়া দিয়ে গেছে স্প্যানিশরা। অনেক সহজ সুযোগ হাতছাড়া করার মাঝে স্পেনের দুটি গোলই অবশ্য ছিল দুর্দান্ত। ভিয়ার ১৭ মিনিটের গোলটিকে বলা যায় এখনো পর্যন্ত টুর্নামেন্টের সেরা, এই স্ট্রাইকারের প্রতিভা ও সামর্থ্যের উজ্জ্বল প্রমাণ। বাঁ ফ্লাংকে বল পেয়ে দারুণভাবে নিয়ন্ত্রণ করে মেন্ডোজাকে ডজ দিয়ে আরও দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান ভিয়া। ৫১ মিনিটে ডান পাশ থেকে জেসাস নাভাসের পাস থেকে তীব্র গতির কিকে হন্ডুরাস গোলকিপারকে পরাস্ত করেন ভিয়া। ৮ মিনিট পরই পূর্ণ করতে পারতেন হ্যাটট্রিক, বক্সের ডান পাশে নাভাসকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন। গোলকিপারকে ডজ ঠিকই দিয়েছিলেন ভিয়া, কিন্তু ডজ খেয়ে যান নিজেও। তাঁর কিক বাইরে চলে যায় বার ঘেঁষে। ডেভিড সিলভার জায়গায় একাদশে সুযোগ পেয়ে পরশু দুর্দান্ত খেলেছেন সেভিয়ার উইঙ্গার নাভাস।স্কোরলাইন নিয়ে কোচের সঙ্গে একমত ক্যাসিয়াসও, তবে স্পেন অধিনায়ক দলের খেলায় সন্তুষ্টই, ‘এটা ঠিক আমরা আরও বেশি গোল পেতে পারতাম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়, না জিতলে আমাদের বিশ্বকাপ শেষ হয়ে যেত। জয়টাই আসল।’ ক্যাসিয়াসের দৃষ্টি এখন চিলির বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের দিকে, ‘আজ (পরশু) জিতেছি, এখন আমাদের ভাবনায় চিলি। ওই ম্যাচ আমাদের জন্য আরেকটি ফাইনাল।’ দেল বস্কের অবশ্য ধারণা, জয়টা খুব একটা সহজ হবে না, ‘চিলি অনেক ভালো দল, দারুণ আগ্রাসী খেলে, আক্রমণে ওঠে দ্রুত। লাতিন আমেরিকার অন্য দলগুলোর মতো ওরাও খুব ভয়ংকর।’ দেখা যাক, চিলির বিপক্ষে কোচের মুখে হাসি ফোটাতে পারেন কিনা ভিয়া-তোরেসরা। এএফপি