জয়ে অভিষেক আলফাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো কাগজে-কলমে মোহামেডানের খেলোয়াড়। এ বছর আনুষ্ঠানিকভাবে বিদায় বলার আগেই কোচিংয়ে এসে পড়লেন আলফাজ আহমেদ। মোহামেডানেরই সহকারী কোচ হিসেবে কাজ করছেন। একসময় হয়তো মূল কোচও হবেন। সে পর্যন্ত অপেক্ষা করার আগেই অবশ্য মূল কোচ হিসেবে কাল অভিষেক হলো জাতীয় দলের সাবেক অধিনায়কের। তবে ছেলেদের ফুটবল নয়, মেয়েদের ফুটবলে। মোহামেডানের মহিলা দলের কোচের দায়িত্ব পেয়েছেন আলফাজ। শুরুটা করলেন বিশাল এক জয় দিয়ে। দ্বিতীয় মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে কাল মোহামেডান ১৬-০ গোলে বিধ্বস্ত করেছে দুর্বল আরামবাগকে। দ্বিতীয়ার্ধে ১২ গোল করেছে মোহামেডান। আরামবাগের রক্ষণসীমানায় মোহামেডান বল নিয়েছে, আর বৃষ্টির মতো গোল করেছে।জয়ে খুশি কোচ আলফাজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পর বলছিলেন, ‘ফুটবল খেলে নিজে যা শিখেছি, তা এখন অন্যদের শেখাতে চাই বলেই কোচিংয়ে আসা।’ মেয়েদের নিয়ে কাজ করা তাঁর কাছে বড় একটা চ্যালেঞ্জ, ‘সাধারণভাবে বললে, মেয়েরা পুশ আর রিসিভ ছাড়া আসলে তেমন কিছুই জানে না। কীভাবে বল ইনসুইং, আউটসুইং করানো যায়, কীভাবে কলাকৌশল শিখতে হয়, এসব নিয়ে কাজ করছি। মেয়েদের শেখানোর আরও অনেক কিছুই আছে।’তবে এই মেয়েদের মধ্যে সাবিনা খাতুন একটু ব্যতিক্রম। সাতক্ষীরার এই তরুণী করেছেন ১১ গোল। নিজে হিসাব রাখতে পারেননি। ম্যাচের পর জিজ্ঞেস করলে বললেন, ‘মনে হয় ১০টা হবে।’ এ ম্যাচে মোহামেডানের বাকি পাঁচ গোলের ৪টি করেছেন মিরোনা। অন্য গোলটি বীথির।গত লিগে চ্যাম্পিয়ন শেখ জামালের হয়ে ৪ ম্যাচে সাবিনার গোল ছিল ২৬টি। এবার ভাঙতে চান সেই রেকর্ড, ‘যত বেশি সম্ভব গোল করতে চাই। তবে সামনে কঠিন ম্যাচ আছে। সব ম্যাচে এত গোল করা যায় না।’আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নামছে আবাহনী। নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ম্যাচটা বিকেল চারটায়। হরতালের কারণে আজ খেলা নেই।