জয়ে অভিষেক মাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতীকী ছবিই হয়ে উঠছে এটি। পরশু নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে গোলের পর লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের বাঁধভাঙা উল্লাস  রয়টার্স
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতীকী ছবিই হয়ে উঠছে এটি। পরশু নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে গোলের পর লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের বাঁধভাঙা উল্লাস রয়টার্স

নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন সতীর্থ। সবকিছুর সঙ্গে ধাতস্থ হতেও কয়েকটা দিন লাগে। কিন্তু হুয়ান মাতা বা ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েস, কারোরই তর সইছিল না। মাত্রই তিন দিন আগে ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে চেলসি থেকে আনা মাতাকে পরশুর ম্যাচেই নামিয়ে দেন কোচ ময়েস। ওল্ড ট্রাফোর্ডে চেলসির সদ্য সাবেক মিডফিল্ডারের অভিষেকও হলো দারুণ। ইউনাইটেড ২-০ গোলে হারিয়ে দিল কার্ডিফ সিটিকে।
জয় পেয়েছে লিভারপুলও। অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে ব্রেন্ডন রজার্সের দল ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে এভারটনকে। ১৯৮২ সালের পর নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিভারপুলের সবচেয়ে বড় জয় এটি। তবে হোঁচট খেয়েছে আর্সেনাল, ২-২ গোলে ড্র করেছে তারা সাউদাম্পটনের সঙ্গে।
মাতার সঙ্গে চোট কাটিয়ে ফেরা রবিন ফন পার্সি ও ওয়েইন রুনিকে নিয়ে ইউনাইটেড এদিন ছিল দুর্দান্ত। সাত সপ্তাহ পর মাঠে ফিরেই গোল পেয়েছেন পার্সি। ম্যাচের ৬ মিনিটেই দলকে এগিয়ে দেন ডাচ স্ট্রাইকার। মাতা গোল পাননি, তবে ভূমিকা রেখেছেন প্লেমেকার হিসেবে। দলের দ্বিতীয় গোলটি বানিয়ে দিয়েছেন তিনিই। তাঁর বাড়িয়ে দেওয়া বলে ইংলিশ মিডফিল্ডার অ্যাশলি ইয়াং ডান পায়ের জোরালো শটে করেন ২-০। ৬৩ মিনিটে পার্সির পরিবর্তেই মাঠে নামেন ১ জানুয়ারির পর থেকে মাঠের বাইরে থাকা রুনি।
মাতা যেন নতুন ক্লাবে এসে প্রথম ম্যাচেই চেলসি কোচ হোসে মরিনহোকে অবহেলার একটা জুতসই জবাবই দিয়েছেন। আগের দুই মৌসুমে ছিলেন চেলসির সেরা খেলোয়াড়। কিন্তু মরিনহো কোচ হয়ে আসার পর এ মৌসুমে চেলসিতে অনেকটাই অপাঙেক্তয় হয়ে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার। চেলসির হয়ে মাতা সর্বশেষ মাঠে নেমেছিলেন ১ জানুয়ারি, সাউদাম্পটনের বিপক্ষে।
মাতার অভিষেকের দিনে পার্সি-রুনিকে ফিরে পেয়ে খুশি ময়েস, ‘আমরা গোলপোস্ট নিশ্ছিদ্র রেখেছি, দুটো গোল করেছি, চোট থেকে দুজন খেলোয়াড়কে ফিরে পেয়েছি এবং মাতাকে অভিষেকের সুযোগ দিয়েছি। এটা দারুণ ব্যাপার।’ জয় দিয়ে অভিষেক হওয়ায় রোমাঞ্চিত মাতা, ‘জয় পাওয়াটা ছিল আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ। এটা ছিল আমার জন্য খুবই রোমাঞ্চকর। দর্শকেরা অবিশ্বাস্য। খেলোয়াড়েরাও আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে।’ একটা ম্যাচেই ইউনাইটেডের দুর্দশা ঘোচার নয়, তবে এই জয় ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সাতে থাকা দলটিকে দিয়েছে অন্যরকম স্বস্তি।
লিভারপুলের হয়ে স্টারিজ করেছেন জোড়া গোল। অধিনায়ক স্টিভেন জেরার্ড ও লুইস সুয়ারেজ একটি করে। সাউদাম্পটনের সঙ্গে ড্র করেও আর্সেনাল শীর্ষেই। তবে গতকাল টটেনহামের বিপক্ষে জিতে থাকলে শীর্ষে উঠে গেছে সিটি। ওয়েস্ট হামকে হারাতে পারলে চেলসিও পয়েন্টে ধরে ফেলবে আর্সেনালকে। এএফপি।