জয়ে ওয়ালকট-বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্রেচারে মাঠ ছাড়ছেন চোট পেয়ে। অথচ আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকটের মুখে হাসি। হাত উঁচিয়ে দিচ্ছেন জোড়া গোলের সংকেত! তাঁর এই ছবিটাই জন্ম দিয়েছে বিতর্কেরছবি: রয়টার্স
স্ট্রেচারে মাঠ ছাড়ছেন চোট পেয়ে। অথচ আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকটের মুখে হাসি। হাত উঁচিয়ে দিচ্ছেন জোড়া গোলের সংকেত! তাঁর এই ছবিটাই জন্ম দিয়েছে বিতর্কেরছবি: রয়টার্স

ম্যাচের আয়ু শেষ হয়ে আসছে। আর্সেনালের জয়টা প্রায় নিশ্চিত। হঠাৎই ডান হাঁটুতে চোট পেলেন থিও ওয়ালকট। শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই মাঠ ছাড়লেন। কিন্তু এ কী, এমন চোট পেয়েও হাসছেন ওয়ালকট! দুই আঙুল উঁচিয়ে যেন বুঝিয়ে দিতে চাইলেন লন্ডন ডার্বিতে জয়টা তারা পেয়েই গেছে। কিন্তু ওয়ালকটের এই কাণ্ড নিয়েই এখন চলছে তোলপাড়।
পরশু এফএ কাপে তৃতীয় রাউন্ডে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। কিন্তু তর্ক চলছে ওয়ালকট কাজটা ঠিক করেছেন কি না। টটেনহাম সমর্থকেরা তো তখনই মুদ্রা-টুদ্রা ছুড়ে মারতে শুরু করলেন তাঁর দিকে। ওয়ালকট হয়তো তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতেই অমনটা করেছেন!
কেউ কেউ বলছেন ওয়ালকটকে এই ‘উসকানি’ দেওয়ার জন্য শাস্তি দিতে পারে এফএ। আর্সেন ওয়েঙ্গার অবশ্য তেমনটা মনে করছেন না, ‘আমার মনে হয় না এফএ কিছু করবে। আমি ছবিগুলো দেখেছি, তাকে আমার মোটেই আক্রমণাত্মক মনে হয়নি। সে তো শুধু হাসছিল। আমি আশা করব সে নিষিদ্ধ হবে না। চোটের কারণে তাকে ম্যাচও মিস করতে হবে না।’
তবে ওয়েঙ্গারের দুশ্চিন্তা এই চোট নিয়েই। এমনিতেই ওয়ালকট সেরে উঠেছেন বেশি দিন হয়নি। আবার পড়লেন চোটে। ওয়েঙ্গার তাই স্বীকার করলেন, ‘ওয়ালকটকে যদি লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলি তাহলে বড় সমস্যায় পড়তে হবে আমাদের।’
পরশু ৩১ মিনিটেই সান্তি কাজোরলার গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতির পর টটেনহামের ড্যানি রোজের ভুলের সুযোগে ব্যবধান বাড়ান মিডফিল্ডার টমাস রসিস্কি। এএফপি।