জয়ে কল্লোলিত কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা বিতর্ক আর বিসম্বাদে জড়ানো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম আসর শেষ হলো অবশেষে। পর্দা নামল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সাফল্যগাথা দিয়েই। গত দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে পরশু রাতে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো কলকাতা। ট্রফি তো আছেই, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা পেয়েছে ২০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা) প্রাইজমানি। রানার্সআপ চেন্নাই সুপার কিংসের প্রাপ্তি ১৫ লাখ ডলার।গৌতম গম্ভীর, জ্যাক ক্যালিস, সুনীল নারাইন কিংবা সাকিব আল হাসান নন, কলকাতার জয় এসেছে প্রায় অখ্যাত মানবিন্দর সিং বিসলার হাত ধরে। ৫ ছক্কা ও ৮ চারে মাত্র ৪৮ বলে করা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৮৯ রানের ইনিংসটাই ভিত্তি গড়েছে কলকাতার জয়ে। লক্ষ্যটা ছিল বিশাল, ১৯১ রান। বিসলা ছাড়াও ক্যালিস, সাকিব আল হাসান ও মনোজ তিওয়ারির অবদানও কম নয় কলকাতার জয়ে।বোলিংয়ে ১ উইকেট পেলেও ম্যাচের সেরা ক্যাচটি নিয়ে পেয়েছেন ‘কার্বন কামাল ক্যাচে’র পুরস্কার। এরপর ব্যাট হাতে প্রয়োজনীয় মুহূর্তে ৭ বলে ১১ রান করেও বিশ্বসেরা অলরাউন্ডার রেখেছেন অবদান। বিশেষ করে ১৯তম ওভারের শেষ বলে স্কুপ করে মারা তাঁর বাউন্ডারিটি দলের জয়কে নিয়ে আসে হাতের নাগালে। পাঁচ বছর অপেক্ষার পর আসা শিরোপা হাতে তুলে উচ্ছ্বসিত কলকাতা অধিনায়ক গম্ভীর ‘মিশন সম্পন্ন’ করার তৃপ্তিতে আচ্ছন্ন। কৃতিত্ব সবাইকে ভাগ করে দিলেও বিসলার কথা বলতে হয়েছে তাঁকে আলাদা করে, ‘বর্তমান চ্যাম্পিয়নদের তাদেরই ঘরের মাঠে ১৯১ রান তাড়া করে হারানোটাই বিসলার মানসিকতা বোঝায়। এটা প্রমাণ করে একজন অধিনায়ক ততটাই ভালো ঠিক তাঁর দল যতটা ভালো।’পরাজিত অধিনায়ক ধোনি প্রশংসা করেছেন বিসলা ও ক্যালিসের, ‘বিসলা ও ক্যালিসের জুটিটাই কলকাতার দরকার ছিল।’কলকাতার জয়ে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকেরা তো আনন্দিত হবেনই। তবে দলের বোলিং কোচ ওয়াসিম আকরামকে একটু বেশিই উল্লসিত মনে হয়েছে। কেকেআরের জয়টা নাকি তাঁকে বিশ্বকাপ জয়ের সমান আনন্দ দিয়েছে। এএফপি, ওয়েবসাইট।