পরশু প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে বিশাল পরাজয়ের (৫-০) পর কাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ইপোহতে কাল জিমি-চয়নদের দল ৩-১ গোলে হারিয়েছে চীনা তাইপেকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। দুটি গোল করেছেন পুষ্কর খীসা (মিমো), একটি কৃষ্ণ। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে।আগামীকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। এর আগে প্রস্তুতি ম্যাচের এই জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসী করে তুলবে। ম্যাচ শেষে দলের অধিনায়ক মামুনুর রহমান (চয়ন) সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে জানিয়েছেন, ‘মাঠ খারাপ থাকায় প্রথম ম্যাচে ভালো খেলতে পারিনি। তবে আস্তে আস্তে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি আমরা। কোচ যেভাবে চেয়েছেন সেভাবেই খেলতে পেরেছি। আমাদের খেলা দেখে কোচ খুশি। কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আজকের জয়টি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।’চীনা তাইপের সঙ্গে সর্বশেষ সাক্ষাতেও জিতেছিল বাংলাদেশ। ব্যাংককে গত বছর এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছিল তাদের। অবশ্য এর আগে ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে তাইপের কাছে ৭-৫ গোলে হেরেছিল বাংলাদেশ।