জয়ে ফিরতে ব্যাকুল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটাই এখন ‘শেষ সুযোগ’ অস্ট্রেলিয়ার। অ্যাশেজের আগে শেষ সুযোগ ফর্মে ফেরার, শেষ সুযোগ জয়ের ধারায় ফেরার। আর আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডের সিরিজটিকে অস্ট্রেলিয়া নিয়েছেও সুযোগ হিসেবে। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এই সিরিজেই জয়ের ধারায় ফিরতে চায় ক্রিকেট-রাজত্ব হারিয়ে ফেলা অস্ট্রেলিয়া। ‘শ্রীলঙ্কার বিপক্ষে আসছে ম্যাচগুলোয় আমাদের ভালো খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের (অ্যাশেজ) আগে আমাদের ছন্দে ফিরতেই হবে’—বললেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক, টেস্ট ও ওয়ানডেতে পন্টিংয়ের ডেপুটি মাইকেল ক্লার্ক।গত ভারত সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরে এসেছে। হেরেছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও। গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের পরাজয় তিন ধরনের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার ক্ষয় তুলে ধরেছে। ঘরের মাঠে যারা কোনো দিন টি-টোয়েন্টিতে হারেনি, তারাই কিনা হেরে গেল ম্যাচের ৩ ওভার ৩ বল বাকি থাকতেই। এ মাসেই ২৫ তারিখ ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার এমন ফর্ম! মাইকেল ক্লার্ক হতাশাটা লুকাতে পারেননি, ‘যে ফর্মের ক্রিকেটই হোক না কেন, যে ম্যাচটি খেলবেন সেটা জিততে চাইবেন আপনি। আমাকে জানানো হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টিতে ১০টির মধ্যে ১০টিতেই জিতেছি আমরা। অস্ট্রেলিয়ার মাটিতে তাই প্রথম টি-টোয়েন্টি হারাটা অবশ্যই হতাশাজনক।’ এই হতাশাজনক ফর্মটা কাটিয়ে জয়ের ধারায় ফিরতে দলের সবার কাছেই তাই আরও ভালো পারফরম্যান্স চাইছেন ক্লার্ক, ‘আমাদের যে উন্নতি করতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিন ফরম্যাটের ক্রিকেটেই আমরা যে ফলাফল চাই, সেটা আসছে না। দল এবং ব্যক্তিগতভাবে সবাইকেই আরও ভালো করতে হবে, যে জায়গায় উন্নতির প্রয়োজন, তা নিয়ে কাজ করে যেতে হবে।’অ্যাশেজের আগে টেস্টে ফর্ম ফিরে পেতে হবে ক্লার্ককেও। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রানে না থাকা এই ব্যাটসম্যান (চার ইনিংসে ১৪, ৪, ১৪, ৩ রান) শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ওপেন করেও ব্যর্থ। মাত্র ১৬ রান করলেও নিজের ওপেনিংয়ে নামাটাকে সমর্থনই করেছেন, ‘দলের ভালোর জন্যই সিদ্ধান্তটা নিয়েছিলাম। দুর্ভাগ্য যে আমরা রান করতে পারিনি।’আগামীকাল মেলবোর্নে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজের পরের দুটি ম্যাচ ৫ ও ৭ নভেম্বর। ওয়েবসাইট।