জয়ে ফিরল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌহিদুলের গোল উদ্যাপনের সঙ্গী আবাহনী সতীর্থ মিশু, সোহেল রানা ও নাসির। জয়সূচক গোল বলে সবার আনন্দটা একটু বেশিই । প্রথম আলো
তৌহিদুলের গোল উদ্যাপনের সঙ্গী আবাহনী সতীর্থ মিশু, সোহেল রানা ও নাসির। জয়সূচক গোল বলে সবার আনন্দটা একটু বেশিই । প্রথম আলো

স্বাধীনতা কাপের সেমিফাইনালের পর লিগের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেও হার। ক্ষুব্ধ সমর্থকদের মুখে অবশেষে জয়ের হাসি ফোটাল আবাহনী।
স্বাধীনতা কাপে মোহামেডানের কাছে হারের পর আবাহনীতে বয়ে যায় ঝোড়ো হাওয়া। তারই জেরে ব্রাদার্সের বিপক্ষে গত ম্যাচে আবাহনীর খেলা বয়কট করেছিলেন সমর্থকেরা। গ্যালারি ছিল ফাঁকা। কাল সমর্থকগোষ্ঠীর নেতাদের নিয়ে বসেছিলেন আবাহনীর অন্যতম পরিচালক হারুনুর রশীদ। তাতে কাজ হয়েছে। গ্যালারিতে ফিরেছেন সমর্থকেরা। গ্যালারি থেকে খোলা হয়েছে কালো পতাকাও। স্বাধীনতা কাপের রানার্সআপ ফেনী সকারকে ২-১ গোলে হারিয়ে কাল শুধু সমর্থকদের মুখেই হাসি ফেরায়নি আবাহনী, কোচ আলী আকবর পোরমুসলিমিও পেলেন স্বস্তি।
সকারের কোচ ওমর সিসে ম্যাচের পর বলছিলেন, ‘এই ম্যাচ আবাহনী জিতবে, তা সম্ভবত ওদের কোচও বিশ্বাস করেনি। কিন্তু দিনের শেষে আবাহনীই জয়ী। এটাই ফুটবল।’ কথাটা ভুল বলেননি ওমর। স্বাধীনতা কাপে চমক দেখানো সকার গত ম্যাচে হারিয়ে দিয়েছিল বিজেএমসিকে। কাল সমীহ আদায় করে নিয়েছে আবাহনীর।
চোটের কারণে এ ম্যাচেও খেলেননি আবাহনীর অভিজ্ঞ ডিফেন্ডার সুজন। ছিলেন না ওয়ালী ফয়সাল। টানা আট-নয় ম্যাচ বাজে পারফরম্যান্সের কারণে স্ট্রাইকার ওসেই মরিসনকে একাদশেই রাখেননি কোচ। লিগে অভিষেক হওয়া সৈকত ভৌমিক খেললেন সুজনের জায়গায়। চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফেরা ডিফেন্ডার নাসিরও ছিলেন। এ দুজনই কোচের আস্থার প্রতিদান দিয়েছেন।
স্বাধীনতা কাপের সময় পোরমুসলিমি বলছিলেন, সুজনের আর দেওয়ার অবশিষ্ট কিছু নেই। কাল সৈকতের প্রশংসায় পঞ্চমুখ পোরমুসলিমি, ‘সুজনের বদলি হিসেবে সৈকতকে খেলানোর চেষ্টা করছি। ও বেশ সম্ভাবনাময়। ভালোই খেলেছে।’
এসব পরিবর্তনের ছোঁয়ায় কিছুটা হলেও জেগে উঠেছে আবাহনী। ২২ মিনিটে মিডফিল্ডার জামাল গোল করলেন, সিয়েরা লিওনের ফরোয়ার্ড মোস্তফার পাস ধরে একাই বক্সে ঢোকেন জামাল, ফেনীর গোলরক্ষক নেহাল কিছু বুঝে ওঠার আগেই বল জালে (১-০)। তবে গোল খেয়ে জ্বলে ওঠে ফেনী। ৪২ মিনিটে বক্সের দিকে এগিয়ে যাওয়া ম্যাথুকে ফেলে দেন আবাহনীর এক ডিফেন্ডার। দুর্দান্ত ফ্রিকিকে সমতায় ফেরান ল্যান্ডিং।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক দেখাল সকারকে। কিন্তু সহজ কিছু সুযোগ নষ্টের মূল্য দিয়েছেন চার্লস ও ম্যাথু। উল্টো প্রতিআক্রমণে খেয়ে গেল গোল। ৮৩ মিনিটে সুয়ারেসের ক্রস থেকে অরক্ষিত তৌহিদুল জয়সূচক গোল এনে দিলেন আবাহনীকে।
শীর্ষে থাকা শেখ জামালের চেয়ে এখনো ৫ পয়েন্ট পিছিয়ে আবাহনী। ১১ ম্যাচে আকাশি-নীলদের পয়েন্ট ২২।