জয়ে ফিরল বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের মাঝপথে এসে হঠাৎ বোধোদয় হলো সিলেটের মানুষের মন জয় করতে হবে। সিলেট রয়্যালসের কর্তারা তাই আচমকাই পিটার ট্রেগোকে সরিয়ে অধিনায়ক বানালেন অলক কাপালিকে। কিন্তু মন জয় করতে হবে তো মাঠের খেলায়! সেখানে যথারীতি ব্যর্থ—টি-টোয়েন্টিতে একটা দলের টানা ষষ্ঠ পরাজয়, ভাবা যায়! উল্টো অভিজ্ঞতা হলো বরিশাল বার্নার্সের। অধিনায়ক শাহরিয়ার নাফীসকে কাল একাদশেরই বাইরে রাখল দলটি, নেতৃত্ব দেওয়া হলো ব্র্যাড হজকে। বিশ্ব টি-টোয়েন্টির সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজনের নেতৃত্বে হারের বৃত্ত থেকে বেরিয়ে এল বরিশাল। প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা তিন ম্যাচ হারার পর কাল জয় এল ৯ উইকেটে। হজ নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। কিপটে বোলিংয়ে ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান, ওপেনিংয়ে নেমে ৩৪ বলে অপরাজিত ৫৪। আহমেদ শেহজাদের ফিফটির সমার্থক হয়ে গেছে বরিশালের জয়। প্রথম দুই ম্যাচে ফিফটি করেছিলেন, পরের তিন ম্যাচে ব্যর্থ। কাল করলেন ৪০ বলে ৬০। অধিনায়কের সঙ্গে ১২.১ ওভারে ১১৬ রানের জুটির পর স্টাম্পড হয়ে গেলেন, না হলে বরিশাল ১০ উইকেটেই জেতে।ট্রেগোর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার যুক্তি খুঁজে পাওয়া যায়, কিন্তু একাদশের বাইরে রাখাটা কোন যুক্তিতে পড়ে কে জানে! দলের বাজে পারফরম্যান্সের মধ্যেও খারাপ করেননি ট্রেগো। ৫ ম্যাচে দুই ফিফটিতে করেছেন ১৬১ রান, সিলেটের পক্ষে তাঁর চেয়ে বেশি রান আছে শুধু কামরান আকমলেরই (৬ ম্যাচে ২১৭)। উইকেটও ছিল ৫টি। ক্রিকেটার ট্রেগোর অভাব ভালোই অনুভূত হয়েছে মাঠে। সিলেটের সবচেয়ে বড় ভরসা আকমল ফিরে যান সবার আগে, ১৭ বলে ১৭ করে আল আমিনের বলে বোল্ড। আরেক ওপেনার ইমরুল কায়েসকে ফিরিয়েছেন ইয়াসির আরাফাত। ব্যাটিং-অর্ডারে কাল ছিল না ট্রেগোর নির্ভরতা। প্রথম খেলতে নামা ইংল্যান্ডের টম মেনার্ড ও পাকিস্তানের রাজা আলী দার হতে পারেননি ট্রেগোর বিকল্প। অলক ও মেনার্ডকে নিজের প্রথম ওভারেই ফেরান সোহরাওয়ার্দী। সিলেট ৬ উইকেট হারায় ৫৮ রানে। সপ্তম উইকেটে নাঈম ইসলাম ও সোহেল তানভীরের ৪৫ রানের জুটিতে স্কোরটা এক শ পার হয়। দ্বিতীয় স্পেলে ফিরে তানভীরকেও (৩২ বলে ৩৩) আউট করেছেন সোহরাওয়ার্দী। চট্টগ্রামের উইকেটে ১২০ রান নিয়েও ম্যাচ জেতা যায়। কিন্তু এ জন্য চাই দুরন্ত বোলিং-ফিল্ডিং, টিম স্পিরিট আর পরিকল্পনা। কিন্তু এই টুর্নামেন্টের সিলেট তো হালভাঙা তরী! সংক্ষিপ্ত স্কোরসিলেট: ২০ ওভারে ১২০/৭ (তানভীর ৩৩, নাঈম ২২, আকমল ১৭, ইমরুল ১৩, মেনার্ড ১১; সোহরাওয়ার্দী ৩/২০, ফরহাদ ২/১৬, আল আমিন ১/১৬, আরাফাত ১/২৯)। বরিশাল: ১৩.২ ওভারে ১২১/১ (শেহজাদ ৬০, হজ ৫৪*, মাস্টার্ড ৪*; হগ ১/১৬)। ফল: বরিশাল ৯ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্র্যাড হজ।