জয়ে ফেরার প্রত্যয় চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সপ্তাহে দম ফেলার ফুরসতই নেই প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। সপ্তাহান্তের ম্যাচের তিন দিন পরই আবার ম্যাচ। এমন হাঁসফাঁস করা সূচি আবার বড়দিনের মতো উৎসবের মধ্যেই।তবে আর যার মনেই বড়দিনের রং লাগুক, রাফায়েল বেনিতেজের শিরে সংক্রান্তি। আনন্দ করার ফুরসত তাঁর নেই। দারুণ শুরু করেও লিগে চেলসি পিছিয়ে পড়েছে অনেকটা। লিগে গত আট ম্যাচে মাত্র একটি জয়, গত সপ্তাহে ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরে গেছে করিন্থিয়ানসের কাছে। এমন নাজুক অবস্থায় উৎসবের রংটা ফিকেই মনে হয়!দলে আবার যোগ হয়েছে চোট-সমস্যা। এমনিতেই রক্ষণ নিয়ে চিন্তার অন্ত নেই বেনিতেজের। হাঁটুর সমস্যায় জন টেরিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে আজকের ম্যাচে তো বটেই, সামনের কয়েকটি ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে। বেনিতেজ নিজেই নিশ্চিত করেছেন খবরটা, ‘আমাদের অপেক্ষা করতে হবে। তার এখনো ব্যথা আছে। হাঁটুর অবস্থাও জটিল। আশা করছি ক্রিসমাসের সময় সে ফিরবে। তবে কোনো কথা দিচ্ছি না। সে কখন ফিরবে সেটা কেউই আগাম বলতে পারবে না।’লিগ কাপের ম্যাচ জিতে পায়ের নিচে খানিকটা হলেও জমি পেয়েছেন চেলসির স্প্যানিশ কোচ। সামনের ম্যাচগুলোতেও এই জয়ের ধারাটা টেনে নিতে চান, ‘এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এ কারণে যে অনেক বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ আছে আমাদের সামনে।’এদিক দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অনেকটা নির্ভার। গত ১১ ম্যাচের ১০টিতেই জিতেছে ইউনাইটেড। আক্রমণভাগের দুই ভরসা রুনি-পার্সিরাও আছেন ফর্মে। আজ রেড ডেভিলদের প্রতিপক্ষ সোয়ানসি। তবে এখনই শিরোপাস্বপ্নে বিভোর হয়ে যাচ্ছেন না ফার্গি। আপাতত লক্ষ্য নতুন বছরে শীর্ষে থেকে শুরু করা, ‘ডিসেম্বর আমার কাছে অনেক পয়েন্ট পাওয়ার সুযোগ। আপাতত সেদিকেই তাকিয়ে আছি। আমি নিশ্চিত করতে চাই নতুন বছরের শুরুতে যাতে আমরা সবার ওপরে থাকি।’ এএফপি।