জয়ে বছর শেষ সিটি-ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টারের দুই প্রতিবেশীই। দুই দলই জিতেছে ১-০ গোলে। এডিন জেকোর একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে মৌসুমে ঘরের মাঠে সিটি জিতল ১০ ম্যাচেই। নরউইচের মাঠে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টার্জিত জয়টা ড্যানি ওয়েলবেকের গোলে। এই জয়ে ডেভিড ময়েসের দল উঠে এসেছে ৬ নম্বরে।

দুই দিন আগে লিভারপুলের বিপক্ষে খেলা একাদশ থেকে কাল ছয়টি পরিবর্তন আনেন সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। গোল পেতেও তাই অপেক্ষায় থাকতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। রুনিবিহীন ইউনাইটেডও মূল্যবান তিন পয়েন্ট এনে দেওয়া গোলটি পেয়েছে দ্বিতীয়ার্ধেই। হাভিয়ের হার্নান্দেজের বাড়ানো বল ধরে ওয়েলবেক নরউইচের গোলরক্ষককে কাটিয়ে জড়িয়ে দেন জালে। এএফপি।