জয়ে রঙিন ফার্গুসনের দুই যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালেক্স ফার্গুসনের জন্য বিশেষ এক দিন ছিল পরশু। ২৪ বছর আগের এই দিনটিতেই তিনি পা রেখেছিলেন ওল্ড ট্রাফোর্ডে, দায়িত্ব নিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের। ফার্গুসনের সেদিনের শিষ্যদের কেউ আজ আর ম্যানইউতে নেই। তবে তাঁর বিশেষ দিনটি খারাপ যায়নি। উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে কোচের দুই যুগপূর্তি রঙিন করে দিয়েছে তাঁর বর্তমান শিষ্যরা।বিশেষ দিনের জয় বিশেষভাবে না পেলে কি হয়? উলভসের বিপক্ষে জয়টি এল তাই নাটকীয়ভাবে। পার্ক জিং সুংয়ের ৪৫ মিনিটের গোলে প্রথমে এগিয়ে যায় ম্যানইউ। ৬৬ মিনিটে এমবাঙ্কস ব্লেকের গোল ম্যাচে ফেরায় উলভসদের। এরপর একের পর এক আক্রমণ করেও উলভসদের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না ম্যানইউ।পারবেই বা কী করে? এ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প হয়ে ওঠা আরেক পর্তুগিজ উইঙ্গার নানিই যে ছিলেন না মাঠে। বুর্সাসপরের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে চোট পেয়েছেন তিনি। আক্রমণে ছিলেন না বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিতার বারবেতভও।তবে হাল না ছেড়ে ম্যানইউ চেষ্টা করেই যেতে থাকে। এর ফল আসে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে। এবারও গোলদাতা সেই দক্ষিণ কোরিয়ার ফুটবল নায়ক পার্ক। জয়সূচক গোলটি করেছেন তিনি ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে। ম্যাচ শেষে ফার্গুসন তাঁর খেলোয়াড়দের দৃঢ় মানসিকতার প্রশংসা করেছেন, ‘মরার আগে মরে যেয়ো না—দলের এই মনোভাবে আমি খুশি। এই মনোভাব আমরা আগেও অনেকবার দেখিয়েছি। আজ (পরশু) আক্রমণভাগে অভিজ্ঞতার অভাব ছিল। অভাব ছিল দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেওয়া খেলোয়াড়েরও। তবে পার্ক দারুণ খেলেছে।’ইতালিতে ইন্টার মিলানের বিপক্ষে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল ব্রেসিয়া। তার পরও পরাশক্তি বধ করা হয়নি তাদের। তবে ১-১ গোলের ড্রতে ইন্টারকে বেঁধে রাখতে পেরেছে। এই না পারার জন্য অবশ্য ব্রেসিয়া দুষেছে বাজে রেফারিংকে। কারাচ্চিওলোর ১৪ মিনিটের গোলে সান সিরোতে প্রথমে এগিয়ে গিয়েছিল ব্রেসিয়াই। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান স্যামুয়েল ইতো। এই পেনাল্টিটিই মেনে নিতে পারছে না ব্রেসিয়া। এ মৌসুমে ১৬ ম্যাচে ১৭ গোল করা ইতো বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন। তাঁকে আটকানোর জন্য সেখানে থাকা ব্রেসিয়া ডিফেন্ডার বেরারডির বিপক্ষে ফাউলের নির্দেশ দেন রেফারি। ক্ষোভ চেপে রাখতে পারেননি ব্রেসিয়া কোচ জিসেপ্পে ইয়াচিনি, ‘আমাদের জন্য বিষয়টি অবশ্যই কষ্টের, কারণ বড় একটি দলের বিপক্ষে পুরো ৩ পয়েন্ট পেতে পারতাম আমরা।’ গোলরক্ষক আরকারির কথায় ছিল আরও ঝাঁজ, ‘ফাউল তো স্যামুয়েলই আগে করেছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাচটি সান সিরোতে খেলেছি এবং আমাদের দলের নাম ব্রেসিয়া।’নাটকীয়তা ছিল পরশু জার্মানির বুন্দেসলিগায় বরুসিয়া মনশেনগ্লাডবাখ ও বায়ার্ন মিউনিখ ম্যাচেও। ৩-৩ গোলের ড্র ম্যাচটি যেন ছিল ইঁদুর-বিড়াল দৌড়। একবার এ এগিয়ে যায় তো আরেকবার ও। হারমানের গোলে ৪ মিনিটেই এগিয়ে যাওয়া গ্লাডবাখকে ১০ মিনিটে টেনে নামান গোমেজ। ৪০ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন শোয়েনস্টাইগার। ৪ মিনিটের মধ্যে (৫৬ ও৬০) রিউস ও ডি কামারগোর দুই গোলে বায়ার্নকে আবার পেছনে ফেলে গ্লাডবাখ। তবে ৮৪ মিনিটে বায়ার্নকে পরাজয়ের হাত থেকে বাঁচান ফিলিপ লাম। ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা নেমে দাঁড়িয়েছে পয়েন্ট তালিকার নবম স্থানে। এএফপি, ওয়েবসাইট।