জয়ে শান্ত হলেন ম্যারাডোনা!
কখনো দুই হাত ভাঁজ করে বুকের ওপর রাখছেন, কখনো স্যুটের পকেটে হাতটা চালান করে দিচ্ছিলেন। কখনো আবার দুই হাতের তালু ঘষে করছিলেন অস্থির পায়চারি। এমনকি ৬ মিনিটেই আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পরও ডিয়েগো ম্যারাডোনার অস্থিরতা কমেনি। বিশ্বকাপের অভিষেক বলে কথা! অভিষেক ম্যাচে কি কেউ টেনশন ছাড়া থাকতে পারে?হ্যাঁ, গতকাল কোচ ম্যারাডোনার বিশ্বকাপ অভিষেক হলো। আর সেই অভিষেক হলো জয় দিয়ে। সত্যিই ম্যারাডোনা অস্থির ছিলেন। ম্যাচের আগের দিন নিজের অস্থিরতা আর টেনশনের কথা সংবাদমাধ্যমের কাছে বলেছেন। কাল মাঠেও তা টের পাওয়া গেল। তবে এই অস্থিরতা আর টেনশন এখন আর তাঁর নেই। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বলেছেন সেটাও, ‘এই জয়টার পর মনে হচ্ছে, আমরা শান্ত হতে পারি। আমরা আসলে ঠিক পথেই আছি।’হ্যাঁ, আর্জেন্টিনা ঠিক পথেই আছে। কাল তাদের খেলায় ছিল গুছিয়ে ওঠার ছাপ। যেটা বাছাইপর্বের ম্যাচগুলোতে ছিল একদমই অনুপস্থিত। তবে কাল একটি বেখাপ্পা ব্যাপারও ঘটেছে আর্জেন্টিনার। মাত্র ১-০ গোলের জয় পেয়েছে তারা। দলে ইউরোপের সেরা সব স্ট্রাইকার, আর্জেন্টিনা নাইজেরিয়াকে গোলে ভাসাবে—হয়তো এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু আর্জেন্টিনা জিতল কিনা ন্যূনতম ব্যবধানে। সেই গোলটিও আবার লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, কার্লোস তেভেজ, ডিয়েগো মিলিতোদের কারও পা থেকে এল না; ভেরনের করা কর্নার কিক থেকে সেই গোলটি এল একজন ডিফেন্ডার—গ্যাব্রিয়েল হেইঞ্জের মাথা থেকে। এটা হয়তো অনেকেই পছন্দ করেনি।ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি ম্যারাডোনারও। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে স্বস্তি পাওয়ার কথা জানানোর আগে জানালেন স্ট্রাইকারদের গোল না পাওয়ার ব্যাপারটি কাঁটা হয়ে বেঁধার কথাও, ‘আপনি যদি গোলের সামনে ঠিক কাজটা করতে না পারেন, তাহলে এর মূল্যও দিতে হতে পারে। তারা প্রায় ড্র পেয়ে যাচ্ছিল। অনেক সুযোগ নষ্ট করেছি আমরা।’ সুযোগ নষ্টের দৌড়ে সবার মধ্যে এগিয়ে ছিলেন ম্যারাডোনার সেরা খেলোয়াড় মেসিই। তিনটি নিশ্চিত গোল তিনি মিস করেছেন। মিস করেছেন না বলে আসলে বলা উচিত তিনটি গোল থেকে তাঁকে বঞ্চিত করেছেন নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট এনাইয়ামা। ম্যাচের ছয় মিনিট যেতে না যেতেই নাইজেরিয়ার গোলে আছড়ে পড়েছিল মেসির শট। কিন্তু এনাইয়ামা কর্নারের বিনিময়ে ঠেকালেন তা। সেই কর্নার থেকেই হয়েছে গোল। এরপর ঠেকিয়ে দিয়েছেন মেসির আরও দুটি প্রয়াস। গোল মিস করেছেন হিগুয়েইন ও তেভেজও।ছিয়াশিতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া কোচ কার্লোস বিলার্দো এবার ম্যারাডোনার পরামর্শক। গোল মিসের হতাশা ঝরে পড়েছে তাঁর কথায়ও, ‘অনেক সুযোগ পেয়েছি আমরা। প্রথমার্ধেই ব্যবধান বাড়াতে পারতাম আমরা।’