জয়ে শুরু আবাহনী-ঊষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব কাপ হকির শুরু থেকেই খেলার কথা ছিল সোহেল আব্বাসের। কিন্তু মালয়েশিয়ার আজলান শাহ হকিতে ব্যস্ত থাকায় পাকিস্তানের পেনাল্টি কর্নার স্পেশালিস্টকে পায়নি আবাহনী। যদিও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া আবাহনী কাল ক্লাব কাপ হকির প্রথম ম্যাচে ওয়ারীকে হারাল সহজেই। ৪-০ গোলে জিতেছে আবাহনী, যার তিনটিই ফিল্ড গোল। ছয়টি পেনাল্টি কর্নারের একটিকে কাজে লাগিয়ে পেয়েছে আরেক গোল। ১৭ মিনিটে ইকবাল নাদির (প্রিন্স) করেন প্রথম গোল। এর ৩৯ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসান যুবায়ের (নিলয়)। ঠিক পরের মিনিটেই পুস্কর খীসা (মিমো) স্কোর করেন ৩-০। ৬৩ মিনিটে ম্যাচের শেষ গোলটিও জাতীয় দলের স্ট্রাইকারের। তবে পুস্কর নিশ্চিত হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন ৬৮ মিনিটে। খুব বড় জয় না পেলেও জয় দিয়ে মৌসুম শুরু করতে পেরেই খুশি কোচ মাহবুব হারুন, ‘প্রত্যাশামতোই খেলেছে ছেলেরা। তবে প্রথম ম্যাচ বলে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে। পেনাল্টি কর্নার থেকে আরও গোল বের করতে পারলে আরও বড় ব্যবধানেই জিততাম।’ জানালেন, এই মুহূর্তে দলে আর কোনো বিদেশি না নিলেও প্রিমিয়ার লিগে পাঁচজন পাকিস্তানিকে নেওয়া হতে পারে।মওলানা ভাসানী স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে উষা ক্রীড়া চক্র ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে। দ্বীন ইসলাম, ইমরান ও এহসান উল্লাহ খান দুটি করে গোল করেছেন। শেষের দুজন পাকিস্তানি। বাকি গোলটি সারোয়ার হোসেনের।