জয়ে শুরু আবাহনীর
বিজয় দিবস হকি দিয়ে কাল কাজ শুরু করল হকির নতুন অস্থায়ী কমিটি। বড় ক্লাবগুলোর মধ্যে এবার শুধু আবাহনীই অংশ নিচ্ছে, নেই মোহামেডান, ঊষা, মেরিনার্সের মতো ক্লাবগুলো।শুভসূচনা করেছে আবাহনী। উদ্বোধনী ম্যাচে তারা ৫-১ গোলে হারিয়েছে নৌবাহিনীকে। জিমি, চয়ন, বিপ্লব, জাহিদ—মোহামেডানের তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া আবাহনী অবশ্য শুরু থেকে খুব বেশি স্বচ্ছন্দ ছিল না। ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চন্দন প্রথম গোল করেন আবাহনীর হয়ে। ছয় মিনিট পরই সেটি শোধ করে দেন নৌবাহিনীর শুভ। এরপর গোলের দেখা পেতে আবাহনীকে অপেক্ষা করতে হয়েছে ৬০ মিনিট। ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই গোল করেন চন্দন। নৌবাহিনীর প্রতিরোধ ভেঙে যায় পরের নয় মিনিটে, গোল খায় তিনটি। ৬২ মিনিটে পুষ্কর খীসা, ৬৪ মিনিটে রাসেল মাহমুদ (জিমি) ও ৬৮ মিনিটে শেষ গোলটি করেন ইকবাল নাদির।এর আগে অন্য ম্যাচে বিকেএসপি ৪-০ গোলে পুলিশকে ও সেনাবাহিনী ১-০ গোলে বিমানবাহিনীকে হারায়।