জয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের
একটা সময় ক্রিকেট-দুনিয়া শাসন করতেন ক্যারিবীয় ফাস্ট বোলাররা। ওয়েস্ট ইন্ডিজের সেই সোনালি যুগ নেই, নেই সেই ভয়ংকর ফাস্ট বোলাররাও। কিন্তু আভিজাত্য তো কখনো মরে না, ভগ্ন দশা থেকেও সেটা হঠাৎ হঠাৎ ঝিলিক দেয়। কেমার রোচের মতো বোলার মাঝে মাঝে মনে করিয়ে দেন তিনি মার্শাল-অ্যামব্রোসদেরই উত্তরসূরি। পাকিস্তান কাল সেটা টের পেল চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে। ম্যাচসেরা রোচের দুর্দান্ত এক স্পেলেই শিরদাঁড়া ভেঙে গেল পাকিস্তানি ব্যাটিং লাইনআপের। এরপর স্পিনার সুনীল নারাইনও যোগ দেন ধ্বংসযজ্ঞে। ১০ বলের মধ্যে পাকিস্তানের তিন-তিনটি উইকেট তুলে নিয়ে ভেঙে দিলেন পাকিস্তানের প্রতিরোধ। আর তাতেই এক প্রান্তে অধিনায়ক মিসবাহ-উল হককে ৯৬ রানে দাঁড় করিয়ে রেখে ১৭০ রানে অলআউট পাকিস্তান। অথচ এই রান টপকাতেও ৮ উইকেট খোয়াতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। লো-স্কোরিং ম্যাচে বেশ উত্তেজনা ছড়িয়েছেন মোহাম্মদ ইরফান, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াজ। শেষ পর্যন্ত অধিনায়ক ডোয়াইন ব্রাভোর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়টা এসেছে বেশ ঘাম ঝরিয়ে।প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিজের প্রথম ৪ ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের টপ-অর্ডারকে ধ্বংস করেন রোচ। এই ৩ উইকেট পড়ে মাত্র ১৫ রানে। পরের ওভারে চতুর্থ উইকেটটি পেয়েও হারিয়েছেন রোচ। মিসবাহর ব্যাটে চুমু দিয়ে বলটা আশ্রয় নেয় দিনেশ রামদিনের গ্লাভসে। আম্পায়ারও আউট দিয়ে দেন। বল মাটি ছুঁয়েছে, টিভি রিপ্লেতে এটা দেখেই সিদ্ধান্ত বদল। ঠিক আগের বলেও এলবিডব্লুর জোরালো আবেদন থেকে বেঁচে যাওয়া মিসবাহ আর পেছনে তাকাননি। পাকিস্তানের ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অংশটা এরপরই নাসির জামশেদকে নিয়ে নির্মাণ করেছেন পাকিস্তান অধিনায়ক। চতুর্থ উইকেটে এই জুটি ৯০ রান তোলার পরই দৃশ্যপটে আগমন নারাইনের। ইনিংসের ৩০তম ওভারে ৩ বলের ব্যবধানে জামশেদ ও শোয়েব মালিককে ফিরিয়ে দেন এই অফ স্পিনার। পরের ওভারে কামরান আকমলও ফিরে যান নারাইনে বিভ্রান্ত হয়ে। ১০৫ থেকে ১৩৮, ৩৩ রানেই ৬ উইকেট হারানো পাকিস্তান ১৫০ পেরিয়েছে মিসবাহ-ইরফানের ৩২ রানের জুটিতে। যাতে ৭ ফুট উচ্চতার ফাস্ট বোলারের অবদান মাত্র ২ রান।ইরফান যথাসাধ্য চেষ্টা করেছেন অধিনায়ককে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাইয়ে দিতে। কিন্তু হলো না। ১১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি খেলেও হতাশায় পুড়তে হলো মিসবাহকে। এই নিয়ে দুবার নব্বইয়ের ঘরে আটকে গেলেন ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। মিসবাহ ছাড়া পাকিস্তানের ইনিংসে একমাত্র জামশেদই (৫০) দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন।জয়ের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ধাক্কাটা দেন মোহাম্মদ ইরফান। ১১ রানেই ফেরান ওপেনার চার্লসকে (৯), এরপর ড্যারেন ব্রাভো কোনো রান না করেই সাজঘরমুখী হন। আরেক প্রান্তে দাঁড়িয়ে ভালোই সামলাচ্ছিলেন গেইল। কিন্তু ৩৯ রানে তিনিও আউট হলে বেশ বেকায়দায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর স্যামুয়েলস (৩০) ও ডোয়াইন ব্রাভোর ব্যাটিংয়ে ভর করে (৩০) শেষ পর্যন্ত জয়ের দেখা মেলে ক্যারিবিয়ানদের। ওয়েবসাইট।