জয়ে শুরু গেরহার্ডের মোহামেডান-অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার গেরহার্ড যখন ডাগ-আউটে, তখন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের গ্যালারিতে ব্যস্ত কোচের সহকারী আকিম মার্টিনস। ক্লাব কাপ হকিতে মোহামেডানের প্রথম ম্যাচটির ভিডিও করছিলেন জার্মান ট্রেনার। ফুটবল-ক্রিকেটে ভালো মানের দল গড়তে ব্যর্থ মোহামেডান এই মৌসুমে হকিতে নিয়েছে জাতীয় দলের একঝাঁক খেলোয়াড়। সঙ্গে জার্মান কোচ-ট্রেনার। জার্মানি থেকে খেলোয়াড় আনারও চেষ্টা চলছে। সব মিলিয়ে ঘরোয়া হকিতে একরকম বিপ্লব ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছে সাদা-কালোরা।মোহামেডান ‘নতুন যুগে’র শুরুটা করল বড় জয় দিয়ে। কাল বিকেএসপির তরুণদের নিয়ে গড়া আজাদকে ৮-০ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছেন মামুনুর রহমান (চয়ন), নান্নু ২টি ও মানিক ১টি গোল করেছেন। প্রথমার্ধে আজাদ বেশ প্রতিরোধ গড়ে মোহামেডানকে ২ গোলের বেশি পেতে দেয়নি। দ্বিতীয়ার্ধেই আসল চেহারা দেখা যায় মোহামেডানের। তাদের আট গোলের চারটিই এসেছে পেনাল্টি কর্নার থেকে। জয় দিয়ে মোহামেডান-অধ্যায় শুরু করতে পেরে কোচ গেরহার্ড খুশি, ‘প্রথম ম্যাচ হিসেবে ছেলেরা ভালোই খেলেছে। সুযোগ কাজে লাগাতে পারলে গোল আরও বেশি হতে পারত।’সোনালী ব্যাংকের জয়: দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংকও ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। রুবেল, সুজন ও খায়রুল ২টি করে গোল করেছেন। মিকাসা ও সাজ্জাদ করেছেন ১টি করে।