জয়ে শুরু চ্যাম্পিয়ন চেন্নাইয়ের
ম্যাচ শুরুর আগে শাহরুখ খানের পারফরম্যান্স মাতাল চিপকের গ্যালারি। ম্যাচের বেশির ভাগ সময় জুড়েই সেই গ্যালারিকে নীরব করে রাখল শাহরুখের দল। কিন্তু ম্যাচ শেষে সেই গ্যালারিতেই আবার উল্লাস। হাতের মুঠোয় থাকা জয় স্থানীয় দলকে উপহার দিয়ে এসেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতাকে ২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। বিফলে গেছে জ্যাক ক্যালিসের অলরাউন্ড নৈপুণ্য (৪২ বলে ৫৪ রান ও ২ উইকেট)। ৫৫ বলে ৬৪ রানের ইনিংসটির জন্য ম্যাচ-সেরা ভারতের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্তের ছেলে শ্রীকান্ত অনিরুদ্ধ।ব্রেট লি, হাডিন, সাকিবরা বাংলাদেশে ওয়ানডে সিরিজে ব্যস্ত। দলের সঙ্গে থাকলেও নামানো হয়নি ডাচ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটেকে। কলকাতা কাল নেমেছিল মাত্র দুজন বিদেশি নিয়ে। নতুন অধিনায়ক গৌতম গম্ভীরের শুরুটাও ছিল চমকজাগানিয়া, দুদিকেই স্পিন দিয়ে শুরু। মুরালি বিজয়কে প্রথম ওভারে আউট করে দলকে দ্রুত সাফল্যও এনে দেন বাঁহাতি স্পিনার ইকবাল আব্দুল্লাহ। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের দারুণ এক জুটি গড়েন শ্রীকান্ত অনিরুদ্ধ ও সুরেশ রায়না (২৯ বলে ৩৩)। এরপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২১ বলে ২৯ আর আলবি মরকেলের ৯ বলে ১৫ চেন্নাইকে এনে দেয় ১৫৩ রান। মানবিন্দর বিসলা ও ক্যালিসের ৬৪ রানের উদ্বোধনী জুটির পর খুব একটা সুবিধা করতে পারেননি তিনে নামা ইউসুফ পাঠান (১২ বলে ১১)। অশ্বিনের ফুল টসে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন ক্যালিস। শেষ দিকে চেষ্টা করেছিলেন মনোজ তিওয়ারি (১৫ বলে ২৭)। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ বলে কলকাতার প্রয়োজন ছিল ৪, কিন্তু টিম সাউদির নিখুঁত ইয়র্কারে ১ রানের বেশি করতে পারেননি রজত ভাটিয়া।