জয়ে শুরু চ্যাম্পিয়নদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগে আলোচনায় ছিল দুটো বিষয়: ‘অস্ট্রেলিয়া আর ফেবারিট নয়’; ‘জিম্বাবুয়ে দেখছে অঘটনের স্বপ্ন’। দ্বিতীয়টি কাল প্রথম সুযোগেই কবর দিয়ে দিল অস্ট্রেলিয়া। প্রথম প্রসঙ্গটিও আপাতত চাপা পড়ল। জিম্বাবুয়েকে ১৭১ রানে অলআউট করে ৯১ রানের বড় জয়, চ্যাম্পিয়নের মতো শুরু করল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সর্বোচ্চ ৪০ ম্যাচ খেলার রেকর্ডের দিনে পন্টিং জয়ই উপহার পেলেন।জিম্বাবুয়ে অবশ্য একসময় ভালোমতোই ম্যাচে ছিল। প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে প্রথম ২৫ ওভারে ৯৮ রানের বেশি তুলতে দেয়নি। অথচ পন্টিং চেয়েছিলেন উড়ন্ত শুরু। ওয়াটসনের পাশাপাশি হাত খুলে খেলতে বলেছিলেন ব্র্যাড হাডিনকেও। সেই হাডিন কাল ৬৬ বলে ২৯!ওয়াটসনও একটু অপরিচিত চেহারায়। তবে শুধু মারমুখী ভঙ্গিটাই ছিল না, বাকি সবকিছু গত কয়েক দিনের পরিচিত দৃশ্যই। কালও অস্ট্রেলিয়ার ২৬২ রানের সিংহভাগ জোগান দিলেন ওয়াটসনই। ইনিংসের দ্বিমাত্র ফিফটিটি করেছেন মাইকেল ক্লার্ক।দুই দল কিন্তু অনুমিত কৌশল নিয়েই মাঠে নেমেছিল। প্রতিপক্ষকে ঘায়েল করতে কী অস্ত্র ব্যবহার করা হবে, সেটি অস্ট্রেলিয়া খোলাখুলিই বলেছিল, জিম্বাবুয়ে আকারে-ইঙ্গিতে। অস্ট্রেলিয়া ঘায়েল করতে চেয়েছে ব্রেট লি, শন টেইট, মিচেল জনসনদের গতি দিয়ে; জিম্বাবুয়ের মূল অস্ত্র স্পিন। কাল তাদের দলেও মাত্র এক পেসার—ক্রিস্টোফার পোফু। দ্বিতীয় ওভার থেকে আক্রমণে রেমন্ড প্রাইস। এমনকি একসময়ের উইকেটকিপার ব্রেন্ডন টেলরও কয়েক ওভার হাত ঘুরিয়ে গেলেন। শুরুতে ভালোমতোই বেঁধে রাখলেও পরের ২৫ ওভারে রানের গতি বাড়িয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে ৯০ রান তুললে ৬ উইকেটে ২৬২ রানে থামে তাদের ইনিংস।আহমেদাবাদের ব্যাটিং উইকেটে ২৬৩ রানের লক্ষ্যটা অসম্ভব কিছু নয়—মাঝবিরতির এই আলোচনা প্রথম ১৩ ওভারেই শেষ করে দিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা।টেইট-লির পেসে এমনিতেই জবুথবু শুরু করে জিম্বাবুয়ে। বিষফোঁড়া হয়ে দেখা দেন জনসন। তিনজনই জিম্বাবুয়ের প্রথম তিন ব্যাটসম্যানকে ভাগাভাগি করে নিলে ৪০ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। এই ধাক্কা আর সামলাতে পারেনি চিগুম্বুরার দল। ৪০ থেকে ৪৪—চার রানের ব্যবধানে টাইবু, টেলর আর শন আরভিনকে হারানোর মধ্যেই আসলে শেষ হয়ে যায় ম্যাচ।পঞ্চম উইকেটে চিগুম্বুরা-আরভিনের ৪৪ রানের জুটিতে খানিকটা প্রতিরোধ। সেটাও টেকেনি। অষ্টম উইকেটে উতসেয়া-ক্রেমারের ৪৯ রানের জুটি শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে।শুধু জিম্বাবুয়ে নয়, আম্পায়ারদেরও বাজে দিন গেছে। তিনটি সিদ্ধান্ত রেফারেলে গিয়ে ভুল প্রমাণিত হয়েছেন তাঁরা। ওয়েবসাইট।