১অনেক বিতর্ক-সমালোচনার পর অবশেষে গত শনিবার ইংল্যান্ড-বেলজিয়ামের প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্যবহার করা হয় হক-আই গোললাইন প্রযুক্তি। ধারাবাহিকতা রক্ষায় ফিফা যদি পরশু উজবেকিস্তান-ইরানের ম্যাচটিতেও গোললাইন প্রযুক্তি ব্যবহার করত, উজবেকদের এমন আক্ষেপ করতে হয় না!গত পরশু শুরু হয়েছে ২০১৪ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বের খেলা। তাসখন্দে প্রথম দিনেই ইরানের মুখোমুখি হয় প্রথম বিশ্বকাপের মূল মঞ্চে যাওয়ার স্বপ্ন দেখা উজবেকিস্তান। কিন্তু ঘরের মাঠে তারা ইরানের কাছে হারল ১-০ গোলে। অথচ ৭৫ মিনিটে এগিয়ে যেতে পারত উজবেকিস্তানই। অদিল আহমেদোভের শট গোলমুখের জটলা থেকে ইরানের ডিফেন্ডার সৈয়দ হোসেইনি যখন ফিরিয়ে দেন, বল তার আগেই গোললাইন পেরিয়ে গেছে। উজবেকরা গোলের আবেদন জানালেও জাপানি রেফারি ইউইচি নিশিমুরা এবং তাঁর সহকারীরা গোল দেননি। উজবেকদের তিক্ততার চূড়ান্ত হয় ম্যাচের শেষ শটে, বদলি খেলোয়াড় মোহাম্মদ খালাতবারি গোল করে জিতিয়ে দেন ইরানকে। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে সেবাস্তিয়ান সোরিয়ার একমাত্র গোলে কাতার হারিয়েছে লেবাননকে। বাছাইপর্বের দ্বিতীয় ধাপে এই লেবাননের কাছে হেরেই শেষ হয়েছে বাংলাদেশের স্বপ্ন। ‘বি’ গ্রুপে জাপান ৩-০ গোলে হারিয়েছে ওমানকে। জর্ডানের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ইরাক।এদিকে কলম্বিয়ার কোচ হিসেবে সাবেক আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানের অভিষেক হলো জয় দিয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পরশু কলম্বিয়া জেমস রদ্রিগেজের একমাত্র গোলে হারিয়েছে পেরুকে। এই জয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে উঠে এল কলম্বিয়া। রয়টার্স, এএফপি।