জয়ে শুরু ঢাকা গ্ল্যাডিয়েটরসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে ৬২ রানের বড় জয় দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর শুরু করেছে গতবারের শিরোপাজয়ী ঢাকা গ্ল্যাডিয়েটরস। জয়ের জন্য ২০৫ রানের বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মোশাররফ হোসেনের দারুণ বোলিংয়ে ৮ উইকেটে ১৪২ রানেই শেষ হয়ে যায় খুলনা রয়েল বেঙ্গলসের ইনিংস। চার ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছেন মোশাররফ হোসেন।২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবেই করেছিল খুলনা। উদ্বোধনীতে ৩৮ রানের জুটি গড়ে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার নাজিমুদ্দিন ও রিকি ওয়েসেলস। কিন্তু পঞ্চম ওভারে নাজিমুদ্দিনের বিদায়ের পর আর তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি খুলনার ব্যাটসম্যানরা। মোশাররফ হোসেন ও সাকিব আল হাসানের বোলিংয়ের সামনে হিমশিম খেতে হয়েছে খুলনাকে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটি খেলেছেন ওপেনার ওয়েসেলস। আসিফ আহমেদ ২৯ ও নাজিমুদ্দিন ২৭ রান করেছেন।এর আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়াইজ শাহর দাপুটে ব্যাটিংয়ে ৪ উইকেটে ২০৪ রানের পাহাড় গড়েছে বর্তমান চ্যাম্পিয়ন এই দলটি। মাত্র ৪৮ বলে ৮৪ রান করে হোম অব ক্রিকেটে ঝড় তুলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ছয়টি বিশাল ছক্কা আর চারটি চারের মারে থামিয়ে দিয়েছেন তিনি খুলনা রয়েল বেঙ্গলসের বোলারদের গর্জন। এর আগে অবশ্য ৩৯ বলে ৫০ রানের সাজানো-গোছানো ইনিংস খেলে প্রতিপক্ষকে প্রথম ধাক্কাটি দেন খুলনারই ছেলে এনামুল হক। ডলার মাহমুদের শিকার হওয়ার আগে তিনি চারবার গড়িয়ে আর তিনবার বল উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন। পেসার ডলার মাহমুদ ১৭ রান করা ইংল্যান্ডের জোসুয়া কোব এবং ২২ রানে মোহাম্মদ আশরাফুলের উইকেট নিলেও রানে গতি কমেনি ঢাকার।