জয়ে শুরু দুই কোচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা অদৃশ্য চাপ নিয়েই দুজনকে দায়িত্ব নিতে হয়েছে। ভিসেন্তে দেল বস্কের রেখে যাওয়া স্পেন দলের দায়িত্ব নিয়েছেন হুলেন লোপেতেগি, আর ইতালিতে আন্তোনিও কন্তের উত্তরসূরি হয়েছেন জিয়ামপিয়েরো ভেনতুরা। বিশ্বকাপ বাছাইয়ে দুজনেরই শুরুটা হয়েছে স্মরণীয়। ইতালি ইসরায়েলকে হারিয়েছে ৩-১ গোলে, আর লিখটেনস্টেইনকে স্পেন উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে।

স্কোরলাইন বলে, ইতালির জয়টা অত সহজে আসেনি। দ্বিতীয়ার্ধের প্রায় ৩৫ মিনিট দশজনকে নিয়ে খেলতে হয়েছে আজ্জুরিদের। লাল কার্ড দেখেছেন জর্জো কিয়েলিনি, দেশের হয়ে ৯০তম ম্যাচ খেলতে নেমে যেটি তাঁর ক্যারিয়ারের প্রথম। ইতালি অবশ্য এর আগেই কাজ অনেকটা সেরে রেখেছিল। ১৪ মিনিটে গ্রাজিয়ানো পেল্লের গোলে এগিয়ে যায় ইতালি। ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আন্তোনিও কানদ্রেভা। ৩৫ মিনিটে ম্যাচের সেরা গোলটি অবশ্য করেছেন ইসরায়েলের তাল বেন হাইম। দুর্দান্ত এক চিপে বল জড়িয়ে দিয়েছেন জালে। ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের হতভম্ব মুখটা বলে দিচ্ছিল, ক্যারিয়ারে এভাবে খুব বেশিবার তিনি বোকা বনেননি।

দ্বিতীয়ার্ধে দশজনে পরিণত হওয়া ইতালিকে বেশ ভালোই চেপে ধরেছিল ইসরায়েল। কিন্তু ৮৩ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে গোল করে জয় নিশ্চিত করেছেন চিরো ইমমোবিলে। নতুন কোচ ভেনতুরার মূল্যায়ন, দল আরও ভালো করতে পারত, ‘আমাদের পারফরম্যান্স নিখুঁত ছিল, সেটি আমি বলব না। ফ্রান্সের সঙ্গে গত সপ্তাহেও আমরা এ রকম একটা গোল খেয়েছি। তবে দল হিসেবে খেলেছি, দল হিসেবে ভুগেছি, দল হিসেবেই জিতেছি।’

স্পেন জিতেছে অবশ্য হেসেখেলেই। জোড়া গোল পেয়েছেন ডিয়েগো কস্তা, আলভারো মোরাতা ও ডেভিড সিলভা। তবে কস্তার কাছে তাঁর গোল দুটি একটু ‘স্পেশাল’ হয়ে থাকবে, দুই বছর পর যে স্পেনের জার্সি গায়ে গোল করলেন! স্পেনের হয়ে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার, সে জন্য কম সমালোচনাও তাঁকে শুনতে হয়নি। সেটিরই জেরে খেপেটেপে কিছুদিন আগে তো ক্ষোভের বিস্ফোরণই ঘটিয়েছিলেন। পরশু জোড়া গোলের পর সেই কস্তাকেই মনে হলো দল-অন্তঃপ্রাণ একজন, ‘সমালোচনা হতেই পারে। জাতীয় দলের হয়ে খেললে মানুষ আপনার কাছ থেকে একটু বেশি চাইবেই।’

লিখটেনস্টেইনের সঙ্গে প্রথমার্ধে কস্তার গোলেই এগিয়ে গিয়েছিল স্পেন। তবে লিখটেনস্টেইনের প্রতিরোধ গুঁড়িয়ে যায় দ্বিতীয়ার্ধে—৫৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই তিন গোল করেছেন সার্জি রবার্তো, সিলভা ও ভিতোলো। ৮২ ও ৮৩ মিনিটে মোরাতার দুই গোলের পর অন্তিম মুহূর্তে সিলভা করেছেন তাঁর দ্বিতীয় গোল। লোপেতেগিই পরে মনে করিয়ে দিলেন, ‘প্রথমার্ধে আমরা যে বীজ বুনেছিলাম, দ্বিতীয়ার্ধে সেটারই ফসল ঘরে তুলেছি।’ এএফপি, রয়টার্স।

এক নজরে ফল

   ইসরায়েল ১: ৩ ইতালি

     ওয়েলস ৪: ০ মলদোভা

  ক্রোয়েশিয়া ১: ১ তুরস্ক

     ইউক্রেন ১: ১ আইসল্যান্ড

    ফিনল্যান্ড ১: ১ কসোভো

      জর্জিয়া ১: ২ অস্ট্রিয়া

      সার্বিয়া ২: ২ আয়ারল্যান্ড

* স্বাগতিক দল আগে