জয়ে শুরু নতুন যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপির ২ নম্বর ক্রিকেট মাঠের পাশে একটা জয়স্তম্ভ হওয়া উচিত। পাশে থাকতে পারে শারমিন আক্তার (সুপ্তা) নামের এক ষোড়শীর নামফলক। তাহলে ছায়া নিবিড় এই মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় লোকে দুটি তথ্য জানবে।এক, বাংলাদেশের মহিলা ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেই জিতেছে এই মাঠে। আয়ারল্যান্ডকে আবারও চূর্ণ করে জয় ৮২ রানে।দুই, বাংলাদেশের মহিলা ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরিটা করেছেন উদ্বোধনী ব্যাটার শারমিন। এই বিশ্বকাপ বাছাইয়ে প্রথম সুযোগ পেয়েই ৮৮ বলে ৬টি চারে ৫২। পুরুষ ক্রিকেটে আজহার হোসেনের (সান্টু) পাশে না বসুন, ঘটনাক্রমে তাঁর সঙ্গে বিকেএসপিতে পড়ুয়া গাইবান্ধার পলাশপাড়ার এই মেয়ের নামটাও আসছে। পুরুষ ও মহিলা ক্রিকেটের তুলনা চলে না। তবু ইতিহাস তো ইতিহাসই। দুজনই বাংলাদেশের হয়ে একটা ‘প্রথমের’ মালিক। পুরুষ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরিটা (৫৪) মেহরাব হোসেনের চাচা করেছিলেন ১৯৯০ সালে ২৮ এপ্রিল। শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলেশিয়া কাপে।সেটি ছিল বাংলাদেশের ষষ্ঠ ওয়ানডে। মেয়েদের ক্রিকেটে এটিই প্রথম আন্তর্জাতিক ওয়ানডে হওয়ায় এর তাৎপর্যটা অন্য রকম। ওয়ানডে মর্যাদা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মহিলা ক্রিকেটের অভিজাত সরণিতে স্বাগতম বাংলাদেশ! বিশাল জয় উদ্যাপন করেই বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হওয়ারও তৃপ্তি—মেয়েদের ক্রিকেটে লাল-সবুজের দল যেন হাওয়ায় উড়ছে এখন!আইরিশরা নেমে এসেছে মাটিতে। ২৪ বছর আন্তর্জাতিক মহিলা ক্রিকেট খেলা দলের সব আভিজাত্য এবার গুঁড়িয়ে গেল বিশ্বকাপ বাছাইয়ে। এই বিকেএসপিতেই গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছে ৯৫ রানে। সেবার বাংলাদেশের ২০৯ রান তাড়া করে ১ উইকেটে ৬৭ থেকে স্পিন বিষে ১১৪ রানে অলআউট আয়ারল্যান্ড। সাত দিন পর একই চিত্রনাট্য। পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ২১১ তাড়া করে শেষ স্পিন আক্রমণে বেসামাল হয়ে ১২৮ রানে শেষ!বাংলাদেশের জন্য এই পড়ন্ত বিকেলটা গৌরবের। ওয়ানডে মর্যাদা নিয়ে খেলতে নামা দলের শরীরী ভাষাতেই ফুটে বেরোচ্ছিল আত্মবিশ্বাস। শুকতারা রহমান, রুমানা আহমেদ একটু আলাদা রকমেরই ঔজ্জ্বল্য ছড়ালেন। স্ট্রেট ড্রাইভে চার মেরে শারমিন হাফ সেঞ্চুরি পূর্ণ করার ৬ ওভার পর বাংলাদেশের হয়ে দ্বিতীয় হাফ সেঞ্চুরিটা পেয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটার শুকতারা—১১৯ বলে ৫ চারে ৫৩। ৩০ ওভারে ১১৩—বাংলাদেশের মহিলা ক্রিকেটে সেরা উদ্বোধনী জুটি।সেই হিসেবে ব্যাটিংবান্ধব উইকেটে রান কমই হয়েছে। ৪৯তম ওভারে আইরিশ অধিনায়ক মিডিয়াম পেসার ইসাবোল জয়েসকে রুমানা টানা চারটি চার না মারলে রান ২১০ হয় না। বাংলাদেশের মেয়েরা টানা চারটি মার মারবে, এটি ছিল অকল্পনীয়। এই রুমানা পরে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার আনন্দটা ভাগ করেন খুলনা থেকে তাঁর উঠে আসার পেছনে অবদান রাখা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে।আনন্দ-উল্লাসের মধ্যে প্রথম হাফ সেঞ্চুরিয়ান শারমিন বলছিলেন, ‘নাসির ভাই (জাতীয় দলের নাসির হোসেন) জিম্বাবুয়ে সিরিজে কয়েক ম্যাচ পর সুযোগ পেয়েই হাফ সেঞ্চুরি করেছেন। তিনি ৬৯ নম্বর জার্সি পরে খেলেন, আমিও ওই একই নম্বর নিয়ে খেলেছি। এত দিন সুযোগ না পাওয়ায় একটা জেদ এসে গিয়েছিল, আর ওটাই হয়েছে অনুপ্রেরণা।’গ্রুপ ছবি তোলার সময় অধিনায়ক সালমা ‘হিপ হিপ বাংলাদেশ’ স্লোগান ধরলেন। উপস্থিত খেলোয়াড়দের আত্মীয়স্বজনেরাও তখন গর্বিত। সে এক অন্য রকম আবহ। কোচ মমতা মাবেন এবং অধিনায়ক সালমা সংবাদ সম্মেলনে এসে রইলেন হাসিখুশি ও নির্ভার। সালমার কথা, ‘সবে আমরা শুরু করলাম। ভবিষ্যতে আরও বড় অর্জনের চেষ্টা করব। বিসিবির কাছে আবেদন সব বিভাগে ভালো বিদেশি কোচ আনুন, আরও বেশি ম্যাচ দিন আমাদের।’আইরিশ অধিনায়ক ইসাবোল আর হয়তো বাংলাদেশেই আসতে চাইবেন না! ‘বাংলাদেশের স্পিনে আমাদের সর্বনাশ হয়েছে। আমরা স্পিন খেলতে পারিনি’—তাঁর স্বীকারোক্তি সেই ইঙ্গিতই দিচ্ছে। চারটি রানআউট, বাকি ছয়টি উইকেট নিয়েছেন স্পিনাররা। নতুন যাত্রাকে রাঙিয়ে রাখল বাংলাদেশের স্পিন।