তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেই ইংল্যান্ডকে টপকে ওঠা যাবে ১ নম্বরে। দক্ষিণ আফ্রিকানরাও চোখে ওই রঙিন স্বপ্ন নিয়েই নিউজিল্যান্ডে এসেছে। টেস্ট সিরিজ শুরু হতে এখনো অনেক দেরি। তবে নিউজিল্যান্ড সফরের শুরুতেই যেন সফরকারীদের এই বার্তা দিয়ে দিল, ‘অসম্ভবের কাছাকাছি ওই স্বপ্নটা তোমরা বিসর্জন দিতে পারো।’ কাল ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয় দিয়ে শুরু করল নিউজিল্যান্ড।মানে, জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে শেষ, শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটাও সেখান থেকেই করল কিউইরা। মার্টিন গাপটিলের ক্ষেত্রে কথাটা আরও বেশি প্রযোজ্য। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিটি না খেললেও টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে তার আগের পাঁচ ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার। কালও তাঁর ব্যাটেই হাসল নিউজিল্যান্ড।প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গড়েছিল ১৪৭ রানের পুঁজি। গাপটিলের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৪ বল বাকি থাকতেই নিউজিল্যান্ড পেয়ে যায় ৬ উইকেটের জয়। ৫ চার ও ৪ ছক্কায় গাপটিল করেন ৫৫ বলে অপরাজিত ৭৮। এটা তাঁর চতুর্থ টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি, যার তিনটিই সর্বশেষ তিন ম্যাচে।এর আগে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের দলের ব্যাটসম্যানদের সাধ্যের মধ্যে আটকে রাখে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। ২৮ রানে ৩ উইকেট নিয়ে তাতে মুখ্য ভূমিকা টিম সাউদির। একপর্যায়ে ৫২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে জ্যাঁ পল ডুমিনির ৪১ ও জাস্টিন অনটংয়ের ১৭ বলে ৩২ রানের ইনিংস দুটিই মূলত দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় লড়াই করার পুঁজি। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আগামীকাল, হ্যামিল্টনে। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৭/৬ (লেভি ১৩, আমলা ১৯, ইনগ্রাম ০, ডি ভিলিয়ার্স ৮, ডুমিনি ৪১, অনটং ৩২, আলবি ১৩*, বোথা ১৪*, সাউদি ৩/২৮, হিরা ১/১২, নাথান ১/১৬)। নিউজিল্যান্ড: ১৯.২ ওভারে ১৪৮/৪ (নিকোল ১৩, গাপটিল ৭৮*, ব্রেন্ডন ১৬, উইলিয়ামসন ২৪, গ্রান্ডহোম ২, ফ্রাঙ্কলিন ৮*, ডুমিনি ১/২০, মরনে ১/২৬, থেরন ১/২৭)। ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।