জয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি দেখে মনে হতে পারে, বাংলাদেশ বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেছে! অনেক দিন পর ঢাকায় আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে শুরু করায় বাংলাদেশের খেলোয়াড়দের এমন বাঁধনহারা উল্লাস l প্রথম আলো
ছবি দেখে মনে হতে পারে, বাংলাদেশ বুঝি চ্যাম্পিয়ন হয়ে গেছে! অনেক দিন পর ঢাকায় আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপের বিপক্ষে জয় দিয়ে শুরু করায় বাংলাদেশের খেলোয়াড়দের এমন বাঁধনহারা উল্লাস l প্রথম আলো

জয়সূচক পয়েন্টটা পেতেই উল্লাসে মেতে উঠলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। কেউ একজন গ্যালারি থেকে নিয়ে এল লাল-সবুজ পতাকা। সেটি গায়ে জড়িয়ে কোচ ইমদাদুল হককে কাঁধে তুলে নাচতে শুরু করে দিলেন জাবির, কায়সার, অজয়রা। এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোনের পুরুষ বিভাগের ভলিবল প্রতিযোগিতা জয় দিয়েই শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে কাল বাংলাদেশ ৩-১ সেটে হারিয়েছে মালদ্বীপকে। এই জয়ে পাঁচ বছর আগের একটা প্রতিশোধও নেওয়া হলো। ঢাকায় সর্বশেষ এসএ গেমসে এই মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ।
কালও বাংলাদেশের শুরুটা সেটি মনে করিয়ে দিচ্ছিল। প্রথম সেটে ২০-২৫ পয়েন্টে হার। এর পর থেকেই যেন অন্য চেহারার বাংলাদেশ। পরের টানা তিনটি সেট বাংলাদেশ জিতল ২৫-১৯, ২৫-২১ ও ২৫-২০ পয়েন্টে। গ্যালারিতে উপস্থিত স্কুল ও কলেজের শ খানেক ছাত্রছাত্রী সারাক্ষণ সমানে গলা ফাটিয়ে উৎসাহ জুগিয়েছে বাংলাদেশ দলকে।
মাত্র এক মাসের অনুশীলন। তারপরও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত কোচ ইমদাদুল হক, ‘এই জয়ের সব কৃতিত্ব ছেলেদের। প্রথম সেটটি হারায় খানিক ভয় পেয়েছিলাম। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। মালদ্বীপের পর এবার আশা করি কিরগিজস্তানকেও হারাতে পারব।’ কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটি হবে আগামীকাল। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ ২৬ মে, প্রতিপক্ষ নেপাল।
খেলা শুরুর আগে প্রায় এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে নাচে-গানে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য। অনুষ্ঠানের এক ফাঁকে গান গেয়েছেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সাত দেশের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।