প্রস্তুতি ম্যাচের ঘাটতি নিয়েই ব্যাংককে গিয়েছে বাংলাদেশ হকি দল। তবে প্রথম ম্যাচটায় এর প্রভাব পড়েনি। ব্যাংককে চতুর্থ এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের শুরুটা জয় দিয়েই। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরেছে চীনা তাইপে।৪ মিনিটে কৃষ্ণ কুমারের গোল। এগিয়ে যাওয়া বাংলাদেশ এরপর অনেকটা সময় অগ্রগামিতা ধরে রাখে। কিন্তু ৪৩ মিনিটে ১-১। পরের মিনিটেই অবশ্য কামরুজ্জামান করেন ২-১। ৪৭ মিনিটে চীনা তাইপে আবার ফিরে আসে খেলায়। এরপর ৫৮ ও ৬৫ মিনিটে দু-দুটি পেনাল্টি বাংলাদেশের জন্য হয়ে এসেছে আশীর্বাদ। এই দুটি পেনাল্টি কর্নারে গোল করেছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ মামুনুর রহমান (চয়ন)।২০১০-এর নভেম্বরে এশিয়ান গেমসের পর এটিই হকি দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে জয়—বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে অনেক। তবে ব্যাংককে গিয়ে বাংলাদেশ প্রথমেই চমকে গেছে। এশিয়া কাপের এই বাছাইপর্ব থেকে চারটি দল আগামী বছর সিঙ্গাপুরে নবম এশিয়া কাপে খেলার সুযোগ পাবে—এমনটাই জানতেন খেলোয়াড়েরা। কিন্তু দলের ম্যানেজার আলমগীর কবীর স্বীকার করলেন, ‘চারটি নয়, এখান থেকে যাবে দুটি দল। আমরা ভুল শুনে এসেছিলাম।’ব্যাংককে গিয়ে বাংলাদেশ পড়েছে বড় একটা সমস্যায়। সেখানে এখন তাপমাত্রা অনেক। কাল বাংলাদেশ খেলেছে ৩৫ ডিগ্রি তাপমাত্রায়। গরমের দেশ থেকে গেলেও বাংলাদেশের খেলোয়াড়দের গরমের মধ্যে খেলতে সমস্যা হয়েছে।ব্যাংককে যোগাযোগ করে জানা গেল, হাঁটুতে আঘাত পাওয়ায় এই ম্যাচে সেভাবে চোখকাড়া কিছু করতে পারেননি স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি)। স্নায়ুচাপে ভুগছিলেন স্বাধীনতা কাপে মোহামেডানের হয়ে দারুণ ছন্দে থাকা এই স্ট্রাইকার। তবে দলের জয় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। অন্যরাও আশাবাদী হয়ে উঠেছেন। প্রথম ম্যাচে দুটি গোল খেলেও পোস্টের নিচে বিশ্বস্তই ছিলেন গোলরক্ষক জাহিদ হোসেন। অন্তত তিন-চারটি নিশ্চিত গোল বাঁচিয়েছেন।বাংলাদেশের আসল পরীক্ষাটা কালই। প্রতিপক্ষ সিঙ্গাপুর। গত এশিয়ান গেমসের বাছাইপর্বে ঢাকায় এই সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে সিঙ্গাপুরের হকি। তাই সিঙ্গাপুরই সবচেয়ে বড় পরীক্ষাটা নিচ্ছে বাংলাদেশের।