জয়ে শুরু বিজেএমসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম গোলের পর গোলদাতা সজীবের উদ্যাপনে সঙ্গী ফেলিক্স। পরে এই ফেলিক্সের গোলেই জয় নিশ্চিত হয়েছে টিম বিজেএমসির ।  প্রথম আলো
প্রথম গোলের পর গোলদাতা সজীবের উদ্যাপনে সঙ্গী ফেলিক্স। পরে এই ফেলিক্সের গোলেই জয় নিশ্চিত হয়েছে টিম বিজেএমসির । প্রথম আলো

বিজেএমসির অনুশীলনে ঠিকমতো আসেন না বিদেশিরা। ক্লাব কর্মকর্তারা ব্যস্ত দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আর চাইলেও ফেনী সকারের অনুশীলনটা নিয়মিত করাতে পারেন না গাম্বিয়ান কোচ ওমর কে সিসে। প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর আগে মাত্র ১৬-১৭ দিন অনুশীলন করিয়েছেন খেলোয়াড়দের। হরতাল-অবরোধে সময় অপচয় হয়েছে অনেক। কিন্তু দুই দলের শক্তির তারতম্যটাই অনূদিত হলো মাঠে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসি ২-১ গোলে হারাল ফেনী সকারকে। বিজেএমসির গোলদাতা সজীব ও ফেলিক্স। ফেনীর একটি গোল শোধ করেছেন ওয়াসিউ ওকালায়োন।
ফেডারেশন কাপের সেমিফাইনালে মুক্তিযোদ্ধার কাছে হেরেছিল বিজেএমসি। ওই ম্যাচের আগে একটা দিনও অনুশীলনে পাওয়া যায়নি বিজেএমসির বিদেশিদের। ইদানীং দলের অনুশীলনে বেশি মনোযোগ দিতে পারছেন না কোচ আসগর আলী নাসিরও। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি নিজেই পারিবারিকভাবে কিছুটা সমস্যার মধ্যে আছি।’ কিন্তু বাস্তবতা হলো ক্লাব কর্মকর্তাদের ফুটবলের বাইরে সময় দেওয়ার সুযোগটা নিচ্ছে বিদেশিরা। আর ম্যাচেও পড়ছে সেটারই প্রতিফলন। গত লিগে চতুর্থ হওয়া বিজেএমসির খেলোয়াড়েরা গোলের সুযোগ পেয়েছেন অনেকগুলো। কাজে লাগিয়েছেন মাত্র দুটি। পুরো ম্যাচে একমাত্র ফেলিক্সই যা খেলেছেন। গোল করেছেন একটি, করিয়েছেন আরেকটি। দলে নবাগত জাতীয় দলের উদীয়মান স্ট্রাইকার সজীবও চেষ্টা করেছেন, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাড়াহুড়ো করে বল পাঠিয়েছেন বাইরে। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই দু-দুটো ভালো সুযোগ এভাবে হাতছাড়া করেছেন। তবে গত মৌসুমে ফেনীর হয়ে খেলা সজীবই প্রথমে দলকে এগিয়ে নেন ম্যাচের ৪৬ মিনিটে। ফেনীর দুই ডিফেন্ডারকে কাটিয়ে লিগে নিজের প্রথম গোল করেন (১-০)। ৬৬ মিনিটে ফেলিক্সের গোলে ব্যবধান দ্বিগুণ করে বিজেএমসি। মাঝমাঠ থেকে অনেকটা একাই বল নিয়ে বক্সে ঢোকেন এই নাইজেরিয়ান। কোমরে হাত দিয়ে গোল খাওয়ার দৃশ্যটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন ফেনীর ডিফেন্ডাররা! ৮৬ মিনিটে অবশ্য হেডে একটি গোল শোধ করেন ফেনীর বেনিনের ফরোয়ার্ড ওয়াসিউ ওকালায়োন।
এবার জয় দিয়ে শুরু হলেও খুব বেশি উচ্ছ্বসিত নন কোচ নাসির, ‘যতটা আশা করেছিলাম, তত ভালো খেলেনি কেউ। আরও বড় জয়ই পেতে পারতাম আমরা।’
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সজীবই উচ্ছ্বাস প্রকাশ করলেন, ‘গতবার ফেনীর হয়ে খেলেছিলাম। এবার যখনই শুনলাম একাদশে সুযোগ পেয়েছি, তখনই গোলের প্রতিজ্ঞা করি। গোল করে ম্যাচটি স্মরণীয় করে রাখলাম।’
ফেনীর গাম্বিয়ান কোচ ওমর কে সিসে হেরেও সন্তুষ্ট, ‘আমাদের ডিফেন্ডাররা বেশ কিছু ভুল করেছে। আর দ্বিতীয় গোলটা অফসাইড ছিল। এর পরও অনুশীলনের ঘাটতি নিয়ে যা খেলেছে ছেলেরা, তাতে আমি খুশিই।’