জয়ে শুরু ভলিবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে শিলংয়ে যখন মেয়েদের ফুটবল দল হেরে বিষণ্ন মুখে মাঠ ছাড়ছিল, গুয়াহাটিতে তখন উৎসব করছিলেন ভলিবল খেলোয়াড়েরা। গুয়াহাটির সারুসাজাই স্পোর্টস কমপ্লেক্সের নবীনচন্দ্র বরদোলোই ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল দল ৩-২ সেটে হারিয়েছে আফগানিস্তানকে। আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালদ্বীপের সঙ্গে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জেতার পর বাংলাদেশ অধিনায়ক সাঈদ আল জাবিরকে দেখাচ্ছিল বেশ উচ্ছ্বসিত, ‘জয় দিয়ে গেমস শুরু’ করতে পেরে খুবই ভালো লাগছে আমাদের। খেলোয়াড়রা সবাই অরও উজ্জীবিত এখন। কালও আশা করি আমরা জিতব।’
গত ডিসেম্বরে ইরানে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। গেমসের পারফরম্যান্সে এর একটা প্রভাব পড়ছে বলেই জাবির বিশ্বাস, ‘ইরান ভলিবলে বিশ্বের অন্যতম সেরা দল। ওই দেশের ক্লাবগুলোর সঙ্গে খেলেছি বলেই এভাবে ভালো রেজাল্ট হচ্ছে আমাদের। এবার গেমসে আমরা দেশকে পদক দিতে চাই।’