জয়ে শুরু ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায়ী কোচ গ্যারি কারস্টেনকে শিরোপা উপহার দেওয়ার প্রত্যয় নিয়েই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ‘চোকার্স’ তকমাটা ঝেড়ে ফেলার আকাঙ্ক্ষাও নিশ্চয়ই আছে প্রোটিয়া ক্রিকেটারদের মনে। কিন্তু সেই লক্ষ্যে শুরুটা মোটেই ভালোমতো করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আজ উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ২৬ রানে হেরে প্রতিযোগিতা শুরু করেছে ডি ভিলিয়ার্স বাহিনী। জয়ের জন্য ৩৩২ রানের বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছে ৩০৫ রানে। প্রথম চার ওভারের মধ্যেই দুই ওপেনার কলিন ইনগ্রাম ও হাশিম আমলার উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক এই ধাক্কাটা অবশ্য ভালোভাবেই সামাল দিয়েছিলেন রবিন পিটারসন ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ১২৪ রানের লড়াকু জুটি। ২৫তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন পিটারসন। ৬৮ রানের চমত্কার এক সময়োপযোগী ইনিংস খেলে ফিরে যান এই বাহাতি ব্যাটসম্যান। এরপরেই আবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৩১, ৩২ ও ৩৩তম ওভারে একে একে সাজঘরের পথ ধরেন জেপি ডুমিনি, ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। সেসময় দলের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান। ডি ভিলিয়ার্স খেলেছেন ৭১ বলে ৭০ রানের অধিনায়কোচিত ইনিংস। এরপর ৩০ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ডু প্লেসিস। কিন্তু টানা দুই ওভারে প্লেসিস ও ক্লেইনভেল্টের উইকেট তুলে নিয়ে ভারতের জয়টা নিশ্চিতই করে ফেলেন ইশান্ত শর্মা। রায়ান ম্যাকলারেনের ৬১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসটা দক্ষিণ আফ্রিকার হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করে ভারত। বিশ্বসেরা পেসার ডেল স্টেইনের অনুপস্থিতির ফায়দাটা দারুণভাবেই তুলেছে তারা। উদ্বোধনী জুটিতেই ১২৭ রান তুলে বড় সংগ্রহের পথে ভারতকে এগিয়ে দেন দুই ওপেনার। ২২তম ওভার পর্যন্ত স্থায়ী এই জুটি শেষ পর্যন্ত ভাঙেন রায়ান ম্যাকলারেন। ফেরান রোহিত শর্মাকে। ম্যাকলারেন জুটি ভাঙলেও ভারতের বড় সংগ্রহ ঠেকাতে পারেননি। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ধাওয়ানের সঙ্গে মিলে গড়ে তোলেন ৮৭ রানের জুটি। ৩৫ ওভারে কোহলিকে সাজঘরমুখী করেন লনওয়াবো সোতসবে। ৩১ রান করে ফিরে যান কোহলি। এরপর দ্রুতই ফেরেন ধাওয়ান, দীনেশ কার্তিক ও সুরেশ রায়না। শেষ অবধি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২৭, রবীন্দ্র জাদেজার ২৯ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ দুটি ইনিংস ভারতকে তোলে ৩৩১ রানের পাহাড়ে। দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন রায়ান ম্যাকলারেন। তাঁর ঝুলিতে গেছে তিনটি উইকেট। রয়টার্স।