জয়ে শুরু ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না কুমার সাঙ্গাকারা। পারল না শ্রীলঙ্কাও। অন্য ব্যাটসম্যানদের যাওয়া-আসার মিছিলের উল্টো স্রোতে দাঁড়িয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক খেললেন ১৩৩ রানের ইনিংস। সঙ্গে ৮ নম্বরে নামা টিসেরা পেরেরার ২৮ বলে ৪৪ রানের ইনিংসে আশা জাগালেও শেষ পর্যন্ত তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ভারত ২১ রানে জিতে সিরিজে এগিয়ে গেল ১-০-তে।দীর্ঘ ছুটির পর খেলতে নেমে প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদের ৩১৪ রান এনে দেন ব্যাটসম্যানরা। আরেকটি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, ভাগ্যের ফেরে অল্পের জন্য পারেননি বীরেন্দর শেবাগ। শেষ দিকে যথারীতি বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন রায়না-ধোনি। বড় লক্ষ্যের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকা শ্রীলঙ্কা সাঙ্গাকারা-পেরেরার সুবাদে ৯ উইকেটে ২৯৩ রান করে। ১৯১ রানে ৬ উইকেট হারানোর পর সাঙ্গাকারা-পেরেরার ৪৭ বলে ৭৮ রানের জুটি। কিন্তু ৪৮তম ওভারে উমেশ যাদবের বলে সাঙ্গাকারা বোল্ড হতেই আশা শেষ।গম্ভীর শুরুতেই ফিরে গেলেও শেবাগ-কোহলি গড়েন ১৭৩ রানের জুটি। শুরুতে টাইমিংয়ে বারবার গড়বড় হলেও থিতু হয়ে শেবাগ খেলেছেন নিজের মতোই। আর কোহলি তো ইদানীং মাঠে নামলেই পাচ্ছেন সেঞ্চুরি! ৯৭ বলে ৯৬ করে শেবাগ রান আউট পেরেরার সরাসরি থ্রোতে। তবে সর্বশেষ পাঁচ ম্যাচে চতুর্থ সেঞ্চুরিটি ঠিকই পেয়েছেন কোহলি। ১২ ওয়ানডে সেঞ্চুরি হয়ে গেল ৮৩ ইনিংসেই। এর আগে সবচেয়ে কম ইনিংসে ১২ ওয়ানডে সেঞ্চুরি ছিল মার্কাস ট্রেসকোথিকের (১১৯)। টানা পাঁচ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে ছুঁয়েছেন ভারতীয় রেকর্ডও।সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার, এই হাম্বানটোটাতেই। তথ্যসূত্র: ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ৩১৪/৬ (গম্ভীর ৩, শেবাগ ৯৬, কোহলি ১০৬, রোহিত ৫, রায়না ৫০, ধোনি ৩৫, পাঠান ৭*, অশ্বিন ০*; কুলাসেকারা ১/২০, মালিঙ্গা ০/৮৩, ম্যাথুস ১/৫৮, পেরেরা ৩/৭০, দিলশান ০/২৮, হেরাথ ০/৫২)।শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৩/৯ (থারাঙ্গা ২৮, দিলশান ৬, সাঙ্গাকারা ১৩৩, চান্ডিমাল ১৩, জয়াবর্ধনে ১২, ম্যাথুস ৭, থিরিমান্নে ৭, পেরেরা ৪৪, হেরাথ ০, মালিঙ্গা ১৯*, কুলাসেকারা ১*; জহির ১/৬৩, পাঠান ২/৩৭, যাদব ২/৭৬, অশ্বিন ২/৪৬, শেবাগ ০/২০, ওঝা ১/৪৪)। ফল: ভারত ২১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি