জয়ে শুরু মুম্বাই ও পুনের
২ এপ্রিল, মুম্বাইয়ে বিশ্বকাপের ফাইনালে বীরেন্দর শেবাগের সঙ্গে শচীন টেন্ডুলকারও ছিলেন লাসিথ মালিঙ্গার শিকার। কাল সেই মালিঙ্গাই যখন দুর্দান্ত এক ইয়র্কারে উপড়ে দিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের স্টাম্প, সবার আগে তাঁকে অভিনন্দন জানালেন টেন্ডুলকার। কারণ, আট দিন আগের দুই শিরোপা-শত্রু কাল ছিলেন সতীর্থ। দুজনেরই লক্ষ্য ছিল মুম্বাই ইন্ডিয়ানসকে জয় উপহার দেওয়া।তাঁদের উদ্দেশ্য সফল। দিল্লির ফিরোজ শাহ কোটলায় শেবাগের দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস। আর একপেশে এই জয়ে মালিঙ্গা ও টেন্ডুলকার দুজনেই রেখেছেন মুখ্য ভূমিকা। মালিঙ্গা-আগুনে পুড়ে ৯৫ রানেই অলআউট হয় দিল্লি। ৩.৪ ওভারে ১৩ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। ৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ৩১ রানে ২ উইকেট হারালেও টেন্ডুলকার একটা প্রান্ত আগলে ছিলেন। তাঁর ৫০ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসে চড়ে ১৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। টেন্ডুলকারের সঙ্গে রোহিত শর্মা অপরাজিত থাকেন ২৭ রানে। দিল্লির তিনজন মাত্র ছুঁয়েছেন দুই অঙ্ক, পাঁচজন আউট শূন্য রানে, যাঁর তিনজনই মালিঙ্গার শিকার। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারের জন্য মালিঙ্গার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। মুম্বাইয়ে অন্য ম্যাচে শুরুটা ভালোই হলো নতুন দল পুনের। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে অভিষেকেই জয় তুলে নিলেন যুবরাজ সিংরা। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে পাঞ্জাব। তবে সাত নম্বরে খেলতে নামা রায়ান ম্যাকলারেনের অপরাজিত হাফ সেঞ্চুরির (৫১*) সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেটে তোলে ১১২ রান। ১৩.১ ওভারে ৩ উইকেট হারিয়েই যা টপকে যায় পুনে। ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুনের পেসার শ্রীকান্ত।