এই বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করবেন গ্যাব্রিয়েল হেইঞ্জ—এটা দূর গ্যালারির আকাশি-সাদা রঙের নকল চুল পরে আসা ওই যুবকটি দেখতে চায়নি। দেখতে চায়নি আকাশি-সাদা পতাকার রঙে মুখ আঁকিয়ে আসা সোনালি চুলের ওই মেয়েটি। হেইঞ্জের গোলে জয় নিয়ে ফিরবে আলবিসেলেস্তিরা, এটা হয়তো চাননি পাগলের মতো নাচতে থাকা বুয়েনস এইরেসের ওই বুড়ো লোকটি। ডাগ আউটে স্যুট গায়ে চাপিয়ে পকেটের মধ্যে হাত দিয়ে অস্থির পায়চারি করতে থাকা ডিয়েগো ম্যারাডোনাও চাননি।এলিস পার্কে ৫৫ হাজার ৬৮৬ জন দর্শকের কে-ই বা এটা চেয়েছে? যে দলে ইউরোপের তিনটি সেরা লিগ দাপিয়ে বেড়ানো তিন স্ট্রাইকার রয়েছেন, সেখানে কিনা আর্জেন্টিনাকে জিততে হলো এক ডিফেন্ডারের দেওয়া একমাত্র গোলে! যা-ই হোক, আর্জেন্টিনা জয় দিয়ে অন্তত শুরু তো করতে পেরেছে। ম্যাচ শেষে পিলপিল করে গেট দিয়ে বেরোতে থাকা আর্জেন্টাইন সমর্থকদের নিঃশ্বাস যে মিলিত ধ্বনি তুলল, তাও ভুভুজেলার কাছাকাছি গিয়ে পৌঁছাল। এর মধ্যেই কয়েকটা দল স্লোগান দিতে দিতে বেরোল, ‘ভামোস আর্জেন্টিনা’!মানুষ আসলে চাতক চোখে তাকিয়ে ছিল, রাশি রাশি গোল দেখার আশায়। বার্সেলোনার হয়ে এ মৌসুমে ৪৭ গোলের রেকর্ড গড়া মেসি গোল করবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলদাতা তেভেজ গোল করবেন। মেসির পেছনে স্প্যানিশ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক গঞ্জালো হিগুয়েইন গোল করবেন। কিন্তু হলো না। ম্যাচের চিত্রনাট্যটা মনে হয় লেখা হয়েছিল এ রকম—মেসি শরীরের দোলায় এলোমেলো করে দেবেন নাইজেরিয়ার রক্ষণকে। জাদুকরি একজোড়া পায়ে বল নিয়ে গিয়ে শ্যুট করবেন বাঁ পায়ে আর সেগুলো কোনো না কোনোভাবে ঠেকাবেন নাইজেরিয়ার গোলরক্ষক ভিনসেন্ট এনাইয়ামা। কোনোটা হাত দিয়ে পাঞ্চ করে দিয়েছেন দূরে, কোনোটা ঘুষি মেরে উড়িয়ে দিয়েছেন বারের ওপর দিয়ে। তিন মিনিটেই মেসি দেখিয়ে দিলেন তাঁর ঝলক। দুর্দান্ত একটা বল বানিয়ে দিলেন তেভেজকে। তেভেজ মিস করলেন।স্ট্রাইকারের পেছনে খেলা গড়ার কারিগর হয়ে থাকতে আর ভালো লাগছিল না তাঁর। বাঁ পায়ে বার্সেলোনা-মার্কা সেই শট বিদ্যুচ্চমকের মতো খেলে গেল। নাইজেরিয়া গোলরক্ষক বাঁচালেন কর্নার করে। বাঁচালেন কোথায়? ওই কর্নার থেকেই জয়ের পুঁজিটা পেল আর্জেন্টিনা। হুয়ান ভেরনের কর্নারে উড়ে আসা হেইঞ্জ মাথা ছুঁইয়ে দিলেন মোক্ষমভাবে। গোল!হিসাব করে দেখা গেল, পরে আর্জেন্টিনার আক্রমণের ঢেউগুলো ধেয়ে আসছিল ছয় মিনিট, তিন মিনিট পর পর। ১৮ মিনিটে আবারও মেসির বাঁ পায়ের শট। এবার শুয়ে পড়ে বাঁচিয়ে দিলেন এনাইয়ামা। তিন মিনিট পর মেসির পাসে বল পেয়ে মেরেছিলেন ভালোমতোই। কিন্তু আবারও নাইজেরিয়ার উদ্ধার সেই গোলরক্ষক। যিনি এই ঝড় সামলে মাত্র একবার পরাজিত হন, তাঁর গলাতেই বরমাল্য ওঠা উচিত। এনাইয়ামাই ম্যান অব দ্য ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগে জাবুলানি বল নিয়ে কত কথা! এই বলের গতি বেশি, অসমান বাউন্স করে। গোলরক্ষকদের যম হবে এটি, গোলের বন্যা বইবে! কই, এনাইয়ামাকে দেখে তো মনে হলো না, জাবুলানি তাঁকে সমস্যায় ফেলেছে। এই এনাইয়ামা ছাড়া সুপার ইগলদের ডানাগুলো কাটা দেখা গেল। রক্ষণাত্মক মানসিকতার মধ্যে সেগুলো গিয়েছিল সেঁধিয়ে।গোটা খেলায় মেসির ভাগ্য ভালো থাকলে হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন। বার্সেলোনায় এমন ফর্মের মেসিকেই হ্যাটট্রিক পেতে দেখা গেছে। দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ নষ্ট করেছেন মেসি।যাঁর পায়ের জাদুতে প্রথম ম্যাচ থেকেই চুনি হবে পান্না, পান্না হবে সবুজ, তাঁকে দেখা গেল গোল না পাওয়া বা সুযোগ নষ্ট করার ভূমিকায়। মেসি মিস!না, আর্জেন্টিনার সমর্থকেরা আশায় বুক বেঁধে আছেন। এ ম্যাচে যে গোলগুলো মেসিকে ধরা দিল না, পরের ম্যাচ থেকে ধরা দেবে। ফুটবল-বিধাতার একটা বিচার আছে না! এবারের বিশ্বকাপটা মেসিরই হবে।মেসি-ম্যারাডোনার দলকে কাল অন্য একটা চাপে ফেলে দিয়েছে কিন্তু গ্রুপসঙ্গী দক্ষিণ কোরিয়া। ২-০ গোলে তারা গ্রিসকে দেখিয়ে দিয়েছে, তোমাদের দলে নক্ষত্রপুঞ্জ থাকতে পারে, তবে গোল আমরা বেশি করতে পারি। মেসিরা কি চাপটা টের পাচ্ছেন!নাইজেরিয়া রক্ষণাত্মক আর পাল্টা আক্রমণনির্ভর ফুটবল খেলায় একটা গোল নিয়েও হয়তো পার পাওয়া গেছে। তবে সামনে সেই সুযোগ নাও থাকতে পারে। এমন ম্যাচ যা হয় আরকি, গোল মিস করতে থাকা একটা দলকে একসময় গতি জড়তায় পেয়ে বসতে পারে! সেটাই পেয়ে বসেছিল হয়তো তাদের শেষ দিকে। তাই নাইজেরিয়াও গোল শোধের সুযোগ পেয়ে গিয়েছিল। সংবাদ সম্মেলনে নাইজেরিয়া কোচ লার্স লেজারব্যাক সেই হতাশাটাই ব্যক্ত করলেন, ‘বিশ্বসেরা কয়েকজন খেলোয়াড় আছে যে দলে, তাদের বিপক্ষে সুযোগ আপনি নষ্ট করতে পারেন না। আমার খেলোয়াড়েরা সুযোগ কাজে লাগাতে পারেনি বলে আমি হতাশ। তবে এই পরাজয়ের পরও সবকিছু শেষ হয়ে যায়নি।’নাইজেরিয়ার সবকিছু শেষ হয়ে যায়নি ঠিকই, তবে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্নটা ধাক্কা তো খেল। এ কি তাহলে তাদের স্বপ্ন ধূসর হওয়ার শুরু, আর তা রঙিন হওয়ার শুরু আর্জেন্টিনার!ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা পরও আর্জেন্টাইন সমর্থকদের কণ্ঠে ধ্বনি উঠছে, ‘ভামোস আর্জেন্টিনা... ভামোস...।’ এগিয়ে চলো আর্জেন্টিনা, আর্জেন্টিনা। দেখা যাক, কতদূর এগিয়ে যেতে পারে মেসি-ম্যারাডোনা যুগলবন্দী।