জয়ে শুরু রাঙামাটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস আলম গ্রুপ-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উপজাতি হকিতে জয় দিয়ে শুরু করল রাঙামাটি জেলা। কাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলাকে। রাঙামাটির শুভ চাকমা করেছেন দুটি গোল। অন্য দুটি বিজয় মারমা ও শফিউল্লাহ নিপুর। পঞ্চগড়ের একমাত্র গোলটি সুনীল হাসদার।সাত বছর পর হচ্ছে এই উপজাতি হকি টুর্নামেন্ট। প্রথম দিনে আদিবাসী কিশোরেরা উৎসবের আমেজেই খেলল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে। এদের বেশির ভাগই এসেছে সুবিধাবঞ্চিত পরিবার থেকে। কারও বাবা রিকশা-ভ্যানচালক, কারও বাবা তৈরি পোশাক কারখানার শ্রমিক। পঞ্চগড়ের বিপি উচ্চবিদ্যালয়ের উইলিয়াম তিজ্ঞা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে পেরে দারুণ খুশি, ‘আমার খুবই ভালো লাগছে। এই টুর্নামেন্ট নিয়মিত হওয়া উচিত।’ বিষয়টির সঙ্গে একমত দিনাজপুরের কোচ মতিউর রহমান, ‘আমরা বস্তিতে বস্তিতে গিয়ে খেলোয়াড় খুঁজে বের করেছি। শুনেছি, ফেডারেশন এখান থেকে ৩০ জন খেলোয়াড় বাছাই করবে। উপজাতি খেলোয়াড়দের স্ট্যামিনা একটু বেশি। এদের সঠিক পরিচর্যা করলে অবশ্যই ভালোমানের খেলোয়াড় পাব।’ছয়টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নাম প্রত্যাহার করে নিয়েছে সিলেট।