জয়ে শুরু রাসেলের, আবাহনীর ড্র
ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগের পর সুপার কাপটাও নিজেদের ঘরে নিতে চায় শেখ রাসেল। আজ সুপার কাপের প্রথম ম্যাচে দুর্বল ফেনী সকারকে ২-০ গোলে হারিয়ে সেই পথের প্রথম ধাপটা এগিয়ে গেল তারা। জয় দিয়ে সুপার কাপের অভিযান ফেবারিটদের মতোই শুরু করল শেখ রাসেল। ৪৯ মিনিটে রাসেলের প্রথম গোলটি নাহিদুলের। ম্যাচের ৭৫ মিনিটে পরের গোলদাতা জাহিদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধার সঙ্গে। প্রিমিয়ার লিগটা যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু রাসেলের। বিদেশিদের নিয়ে লিগের শেষ ম্যাচে ফেনী সকারকে হারিয়েছিল ২-১ গোলে। তবে তাদের জয়ের ব্যবধান আরও বেশি হতে পারতো। এমিলি ও মিঠুন সহজ সুযোগ নষ্ট করেছেন অন্তত গোটা তিনেক। বিদেশি খেলোয়াড় সনি নর্দে, তারিক আল জানাবি, বুকোলাদের অভাবটা খুব বেশি বুঝতে দেননি তারা। ১৬ জুন শেখ রাসেলের পরের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। একই দিনে আবাহনী খেলবে ফেনী সকারের বিপক্ষে।