জয়ে শুরু শেখ জামালের
কেউ একজন বললেন ‘জাতীয় দলের ম্যাচ’, আরেকজন বললেন ‘বড় দলের ম্যাচ’। স্টেডিয়ামে ঢোকার মুখে দর্শকদের টুকরো টুকরো কথা ভেসে আসছিল। ‘বড় দল মাঠেই প্রমাণ করতে হবে’ বলেই পাশ কাটিয়ে আরেকজন ঢুকে পড়লেন কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে। গ্রামীণফোন ফেডারেশন কাপেই দর্শন হলো নতুন ধানমন্ডি ক্লাবের, নতুন নাম যার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে তারা জিতল ৩-০ গোলে। কিন্তু দর্শকদের প্রত্যাশা কি পূরণ করতে পারল? অন্যদিনের তুলনায় একটু বেশিই দর্শক ছিল স্টেডিয়ামে। আবাহনী-মোহামেডান সমর্থকগোষ্ঠীকে যেভাবে গ্যালারি দখল করে রাখতে দেখা যায় নিজেদের ম্যাচের দিনে, সে রকম অবশ্য হয়নি। দর্শকদের আসল কৌতূহল ছিল কেমন খেলে জাতীয় দলের আড়ালে প্রায় চার কোটি টাকা বাজেটের দল শেখ জামাল! তবে এমিলি, এনামুল, আমিনুলরা প্রথম ম্যাচে খুব বেশি খুশি করতে পারেননি দর্শকদের।শেখ জামাল প্রথম গোল পায় পেনাল্টি থেকে। প্রথম মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া জাহিদকে বক্সের মধ্যে ফেলে দেন মোখলেসুর। পেনাল্টি থেকে মৌসুমের প্রথম গোলটি করেন এমিলি। ১৬ মিনিটে জটলা থেকে হেডে দ্বিতীয় গোলও করেন এমিলি। প্রথমার্ধে ২-০ তে এগিয়ে থাকা শেখ জামাল ৫৭ মিনিটে পায় তৃতীয় গোল। জাহিদের পাস থেকে লক্ষ্যভেদী শটে গোল করেন এনামুল। তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ হাতছাড়া করেন এনামুল, এমিলি। প্রথমার্ধের তুলনায় একটু এলোমেলোই খেলেছেন তাঁরা, ছিল না তেমন গোছানো আক্রমণ।তাই জিতেও সন্তুষ্ট নন সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচ, ‘আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট নই। মাত্র ২ সপ্তাহ অনুশীলন পর্যাপ্ত না। কোনো অনুশীলন ম্যাচ খেলতে পারিনি। এর মাঝে বৃষ্টিতে গেছে তিন দিন। মাঠেও ছেলেরা সেভাবে খেলায় মনোযোগী ছিল না।’দিনের প্রথম ম্যাচে বিকেএসপিকে টাইব্রেকারে ৩-০ গোলে হারায় আরামবাগ। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। আজকের খেলা: রহমতগঞ্জ-চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স-চট্টগ্রাম মোহামেডান (বিকেল ৩টা ও বিকেল ৫-৪৫ মি., কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম)