জয়ে শুরুর প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছিল, অনুশীলন হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কিন্তু মাঠ নষ্ট হবে, এই অজুহাতে কাল বাংলাদেশ দলকে পাঠানো হলো শ্রীফোর্ট ক্রীড়া কমপ্লেক্সে। মূল ফটকে বাস থেকে নেমে মিনিট পাঁচেক হেঁটে অনুশীলন ভেন্যুতে ঢুকলেন বিপ্লব, সুজন, মিঠুনরা। বিমানবন্দর থেকে অসহযোগিতার শুরু। স্বাগতিক ভারতের বৈরী আচরণ চলছেই।তবে এসব নিয়ে আর ভাবছে না বাংলাদেশ দল, যত চিন্তা আজকের ম্যাচ নিয়েই। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই সাফ ফুটবল শুরু করছে নিকোলা ইলিয়েভস্কির দল।পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত ১৪ ম্যাচে ৬ জয়, ৩ ড্র। সাফ ফুটবলে ৪ বারের সাক্ষাতে ২টি জয়, ১টি ড্র। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে গত জুলাইয়ে লাহোরে ছিল গোলশূন্য ড্র। বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে জুনে ঢাকায় জয় ৩-০ গোলে।আজও জয়ের স্বপ্নে বিভোর লাল-সবুজের দল। যদিও আজ সেরা একাদশে কারা থাকবেন, স্পষ্ট করে বলেননি কোচ। ঢাকায় প্রস্তুতি ম্যাচে প্রথমার্ধে যাঁদের খেলিয়েছেন দ্বিতীয়ার্ধে তাঁরা বেঞ্চে। ‘আমি কি তাহলে বাদ?’—দলের মধ্যে এমন আতঙ্ক কি এখনো রয়েছে? অধিনায়ক সুজন অবশ্য এটা উড়িয়ে দিলেন, ‘কোচ কাদের খেলাবেন, সেটা আগেই ঠিক করে রেখেছেন। তবে কাউকে বুঝতে দেন না। তাই এসব ব্যাপার দলে কোনো প্রভাব পড়ে না।’তবে এসব চিন্তা বাদ দিয়ে শুধুই আজকের ম্যাচেই মনঃসংযোগ করছেন স্ট্রাইকার জাহিদ হাসান (এমিলি), ‘প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলে সেমিফাইনালে যাওয়ার কাজ অনেক সহজ হয়ে যাবে।’ দলের সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যও জয় দিয়েই টুর্নামেন্ট শুরুর স্বপ্ন দেখছেন, ‘কোচ যেভাবে বলেন সেভাবে যদি মাঠে খেলতে পারি, অবশ্যই পাকিস্তানকে হারাব।’গত জুলাইয়ে ডাক পেয়েও জ্বরের কারণে খেলতে পারেননি লেবাননের বিপক্ষে। এবার সুযোগ এসেছে তরুণ স্ট্রাইকার তৌহিদুল আলমের। আত্মবিশ্বাসী তৌহিদুল বললেন, ‘সুযোগ পেলে গোল করেই প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাইব।’কাল বাংলাদেশ অনুশীলন করলেও পাকিস্তান দল মাঠেই নামেনি। ওরা কি একটু বেশি আত্মবিশ্বাসী? পাকিস্তান অধিনায়ক জাফর খানের কথায় যা বোঝার বুঝে নিন, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা প্রস্তুত। আমাদের নতুন সার্বিয়ান কোচ জাবিসা মিলোসাভলেভিচ আমাদের নিয়ে দারুণ আশাবাদী।’