জয়ে শেষ ওয়ার্নের
কাল মুম্বাইতে স্বাগতিকদের ১০ উইকেটে উড়িয়ে দিয়েই অধিনায়ক শেন ওয়ার্নকে বিদায়ী উপহার দিল রাজস্থান রয়্যালস। আর এই পরাজয়ে শঙ্কায় পড়ে গেল মুম্বাইয়ের প্লে-অফে খেলা। আজ পাঞ্জাব ডেকানকে হারালে আগামীকাল অবশ্যই কলকাতাকে জয়বঞ্চিত করতে হবে মুম্বাইকে। ওয়ার্নকে অনেক নির্ঘুম রাত উপহার দেওয়া টেন্ডুলকার তাঁদের শেষ দ্বৈরথটিতে জিততে পারেননি। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট পাওয়া ওয়ার্নের ৭ বলে ৭ রান নিতে পেরেছেন মুম্বাই অধিনায়ক।রাজস্থানের খেলোয়াড়দের বোধ হয় স্পিন কিংবদন্তিকে বিদায় সংবর্ধনা দেওয়ার তাড়া ছিল। মুম্বাইয়ের করা ৫ উইকেটে ১৩৩ রান মাত্র ১৩.১ ওভারেই টপকে যায় তারা। ওয়ানডের ১ নম্বর অলরাউন্ডার শেন ওয়াটসন বোলিংয়ে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেটে নেওয়ার পর ব্যাটিংয়ে করেন ৪৭ বলে অপরাজিত ৮৯ রান। ৯ চার ও ৬ ছক্কা ছিল ম্যাচসেরার ইনিংসটিতে। অন্য ওপেনার দ্রাবিড় করেন ৩২ বলে ৪৩। ওয়েবসাইট।