জয়ে শেষ প্রস্তুতিপর্ব

টি-টোয়েন্টি বিশ্বকাপের আঁচ বুঝি ফতুল্লা স্টেডিয়াম থেকেই লাগতে শুরু করল! প্রস্তুতি ম্যাচ, অথচ এই ম্যাচেও কালোবাজারে ২৫ টাকার টিকিটের দাম ১৫০ টাকা! পাশের যুব উন্নয়ন কেন্দ্রে স্থাপিত টিকিট কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে হাজার খানেক লোক ভিড় জমাল স্টেডিয়ামের ২ নম্বর গেটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিপেটাও করতে হলো পুলিশকে।
মাঠের বাইরে দর্শকদের এমন আগ্রহ আর মাঠে মুশফিকুর রহিমের দলের টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জয়—বিশ্বকাপে বাংলাদেশকে দিচ্ছে দারুণ কিছুর হাতছানি। কিছুটা অগোছালো ক্রিকেট খেলেও ফতুল্লায় প্রথম প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ দল। সেই তুলনায় আয়ারল্যান্ডের বিপক্ষে কালকের ৪৪ রানের জয়টা অনেক বেশি পরিকল্পিত এবং আত্মবিশ্বাস-জাগানিয়া।
হাতে ২ উইকেট রেখে খেলা শেষ করলেও বাংলাদেশি বোলিংয়ের সামনে বলতে গেলে কিছুই করতে পারেননি আইরিশ ব্যাটসম্যানরা। ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ড (৪৪) আর ৭ নম্বর ব্যাটসম্যান স্টুয়ার্ট টমসন (৩৫) ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। এই ইনিংসে আইরিশ ব্যাটসম্যানরা যাই করুন, বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও পরিকল্পিত বোলিংটাই চোখে পড়ল বেশি। তবে সবচেয়ে বড় খবর বোধ হয় আট ম্যাচ পর উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ফেরা। ফিরেই তিনটি ডিসমিসাল—একেবারে খারাপ হয়নি উইকেটকিপার মুশফিকের প্রত্যাবর্তন! ব্যাটিংয়েও সাকিবকে নিয়ে নেতৃত্ব দিলেন তিনিই। শেষ প্রস্তুতি ম্যাচে ফিফটি করে মুশফিক-সাকিব দুজনই বিশ্বকাপে যাচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে। মুশফিক ফিফটি করেছেন ২৬ বলে, সাকিব ৩০ বলে।
আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল তাড়াহুড়ো। ম্যাচ শেষে তামিম ইকবালও বলেছিলেন ব্যাটিংটা আরেকটু সময় নিয়ে করা উচিত। কাল একটু সময় নিয়েই ব্যাটিং করে দারুণ ফল পেল বাংলাদেশ দল। প্রথম ১০ ওভারে দুই ওপেনার এনামুল হক (বিজয়) আর তামিম ইকবালের উইকেট হারিয়ে রান এসেছে মাত্র ৬৩। ওই সময় পর্যন্ত সীমানা পার করা শট বলতে পল স্টার্লিংকে লং অন দিয়ে তামিমের আর টিম মুর্টাগের বলে সাব্বির রহমানের লং অফ দিয়ে মারা দুটি ছক্কা আর তিনটি চার। অবশ্য শুরুর দিকে উইকেট যেমন কিছুটা মন্থর ছিল, আয়ারল্যন্ডের স্পিনাররাও বল ফেলছিলেন ভালো জায়গায়। নতুন বলে অফস্পিনার পল স্টার্লিং আর লেগ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রায়ানের জুটিটাকে সফলই বলতে হবে। এনামুলের উইকেটটা নিয়ে প্রথম চার ওভারের জুটিতে মাত্র ১৩ রান দেন তাঁরা।
২৩ বলে ১ বাউন্ডারি আর ওই ছক্কায় ২৩ রান করে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সম্ভাবনাই জানান দিয়েছেন সাব্বির। আগের ম্যাচের মতো তামিমও ছন্দে ছিলেন। এক ছক্কার সঙ্গে অ্যালেক্স কুসাকের এক ওভারে চারও মেরেছেন পর পর দুটি। এত ভালো খেলতে থাকার পরও কেন যে ডকরেলকে অযথা রিভার্স সুইপ করতে গেলেন! শর্ট থার্ডম্যানে ক্যাচ হলেন স্টার্লিংয়ের হাতে। আর প্রথম প্রস্তুতি ম্যাচের মতো কালও ভালো কিছু করতে ব্যর্থ এনামুল। অবশ্য ইনিংসের তৃতীয় ওভারে স্টার্লিংয়ের বলে মিড উইকেটে পোর্টারফিল্ডের দুর্দান্ত এক ক্যাচেরও শিকার হয়েছেন।
মুশফিক-সাকিবের শেষ ১০ ওভারের ব্যাটিং শুরুর ঘাটতি ঢেকে দিয়েছে পুরোপুরিই। উইকেট হাতে ছিল বলে শেষ দিকে দুজন এতটাই মারমুখী হয়ে উঠলেন যে শেষ ৫ ওভারে এল ৬৪ রান, শেষ ১০ ওভারে ১১৬। ১১তম ওভারের প্রথম বলে সাব্বির ফিরে যাওয়ার পর মুশফিক-সাকিব চতুর্থ উইকেটে জুটিটাও ওই ১১৬ রানেরই। শেষ তিন ওভারে ৪৭ রান নিয়ে তাঁরা দেখালেন যে টি-টোয়েন্টি ক্রিকেটেও দ্রুত রান তোলা আর বড় জুটি গড়ার কাজটা করা যায় যুগপৎ।
জর্জ ডকরেলের করা ইনিংসের ১৪তম ওভারে আসা ১৬ রানের ১৪-ই সাকিবের, যাতে ছিল এক ছক্কা আর এক চার। কুসাকের করা ইনিংসের শেষ ওভারে আবারও চড়াও হন সাকিব। চার বাউন্ডারিসহ সাকিবই নেন ১৭, ওই ওভারে আসে ১৯ রান। পয়েন্টের পাশ দিয়ে মারা তৃতীয় বাউন্ডারিতে ফিফটি পূর্ণ হয় সাকিবের। মুশফিকের ফিফটি অবশ্য হয়ে গেছে মুর্টাগের করা আগের ওভারের প্রথম বলে স্কুপ শটে মারা বাউন্ডারিতে। আট বাউন্ডারির সঙ্গে অধিনায়ক ম্যাকব্রায়ান ও কেভিন ও’ব্রায়ানকে মিড উইকেট দিয়ে মেরেছেন দুটি ছক্কাও।
জয়ে শেষ হওয়া প্রস্তুতি ম্যাচের পর্ব শেষে বাংলাদেশের এখন অপেক্ষা ১৬ মার্চের আফগানিস্তান ম্যাচের জন্য। ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল কতদূর যাবে, সেটা যে অনেকটাই নির্ভর করছে মিরপুরের ওই ম্যাচের ওপর!
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৯/২ (তামিম ৩২, এনামুল ৩, সাব্বির ২৩, সাকিব ৫৮*, মুশফিক ৫৯*; স্টার্লিং ১/১৮, ম্যাকব্রায়ান ১/২২, ডকরেল ১/২৯)। আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৮ (পোর্টারফিল্ড ৪৪, টমসন ৩৫; সোহাগ ৪-০-২৪-১ (ও ১), মাশরাফি ৪-০-২৮-২, আল আমিন ৩-০-১১-১ (ও ১), ৩-০-১৩-২, রাজ্জাক ৩-০-৩০-১, মাহমুদউল্লাহ ২-০-১৫-১, ফরহাদ রেজা ১-০-৪-০।
ফল: বাংলাদেশ ৪৪ রানে জয়ী।