জয়ে শেষ ব্রাজিলের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল ফুটবল দলের অলিম্পিক প্রস্তুতিপর্বটা শেষ হলো জয় দিয়ে। গত পরশু মিডলসবোরোর রিভারসাইড স্টেডিয়ামে শেষ প্রস্তুতিমূলক ম্যাচে স্বাগতিক গ্রেট ব্রিটেনকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। গোল দুটি করেছেন সান্দ্রো ও নেইমার। দল চূড়ান্ত হওয়ার পর থেকেই মানো মেনেজেসের ব্রাজিলকে মনে করা হচ্ছে অন্যতম ফেবারিট। আরেক ফেবারিট স্বাগতিকদের বিপক্ষে এই জয় বাকি ১৫ দলকে সতর্কবার্তাই দিল তারা। যদিও ম্যাচ শেষে পরশু ব্রাজিল কোচ মানো মেনেজেস বলেছেন, ‘অন্য দলগুলো কী বার্তা পেল সেটি আমার চিন্তার বিষয় নয়। আজ রাতে আমার সবচেয়ে বড় চিন্তা ছিল ইউরোপভিত্তিক খেলোয়াড়দের নিয়ে। ছুটি কাটিয়ে ফিরে দলে ছন্দও ফিরে পেয়েছে। তারা সম্ভবত শুরুর ২০টা মিনিট সময় নিয়েছে। তার পর থেকে প্রথমার্ধের বাকি সময়টা এবং ম্যাচে ভালো খেলেছি।’ব্রাজিল ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় প্রথমার্ধেই। রোমারিও, রোনালদো, রোনালদিনহোরা যা পারেননি, ব্রাজিলিয়ানরা এবার সেই অধরা অলিম্পিক সোনার স্বপ্ন দেখছে নেইমারকে ঘিরে। পরশুর জয়ের নায়কও ২০ বছর বয়সী তরুণ। ১৩ মিনিটে নেইমারের ফ্রি-কিক থেকে হেড করে ব্রাজিলকে ১-০-তে এগিয়ে দেন টটেনহামে খেলা মিডফিল্ডার সান্দ্রো। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পোর্তোর স্ট্রাইকার হালককে বক্সের মধ্যে মিকাহ রিচার্ডস বাধা দিলে পেনাল্টি পায় ব্রাজিল। নেইমারই পেনাল্টি থেকে বল জড়িয়ে দেন জালে। ম্যাচ শেষে ব্রিটেনের কোচ স্টুয়ার্ট পিয়ার্সও স্বীকার করেছেন, লন্ডন অলিম্পিকে ব্রাজিলই সোনার বড় দাবিদার।