জয়ে স্বস্তি আবাহনীর
জয় পেলে ভুলগুলো হয়ে পড়ে গৌণ বিষয়। তৃপ্তি আর আনন্দের স্রোতে বিলীন হয়ে যায় সুযোগ নষ্ট করার আফসোসও। ঢাকা আবাহনীরও তা-ই হলো। নয়তো ৭৬ মিনিট পর্যন্ত গোল না পাওয়া, প্রথমার্ধে দুর্বল প্রতিপক্ষের সমানতালে খেলা, খেলার শুরুর দিকেই গোলরক্ষক সোহেলের ভুলে প্রায় গোল খেয়ে বসা—আবাহনী শিবিরে ঝড় তোলার মতো অনেক বিষয়ই ছিল।সবই উধাও আউডু ইব্রাহিম ও বদলি খেলোয়াড় রবিনের গোলে। জানুয়ারিতে কক্সবাজারে পিছিয়ে পড়েও ৭৫ ও ৮৬ মিনিটের গোলে জয় নিয়ে ফিরেছিল আবাহনী। কাল জিতল ২-০ গোলে। গোল দুটি ৭৫ ও ৮৯ মিনিটে!এই জয়ে বাংলাদেশ লিগের আগের তিনবারই চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ছুঁয়ে ফেলল শীর্ষে থাকা মুক্তিযোদ্ধাকে। ১৫ ম্যাচে মুক্তিযোদ্ধার সমান ৩৫ পয়েন্ট। তবে মুক্তিযোদ্ধা একটি ম্যাচ কম খেলেছে।প্রথমার্ধে জার্সির ভিন্নতা ছাড়া কোনটা আবাহনী, কোনটা চট্টগ্রাম মোহামেডান, চেনার উপায় ছিল না! দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য আবাহনী ফেরে আবাহনীর চেহারায়। নিজে গোল না করেও ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্যটা আসলে গড়ে দিয়েছেন কেইভান সাজেদি।এর আগে একটিই ম্যাচ খেলেছিলেন এই ইরানি। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সেই ম্যাচে ৭০ মিনিট পর মাঠ ছেড়েছিলেন কবজিতে চোট পেয়ে। এরপর কালই আবার নামলেন মাঠে এবং চেনালেন নিজেকে। দ্বিতীয়ার্ধে আবাহনীর প্রায় প্রতিটি আক্রমণের উৎসই তিনি। দুটি গোলেই তাঁর পরোক্ষ অবদান।সাজেদির কর্নার থেকেই ইব্রাহিমের শটে প্রথম গোল (১-০)। ১৩ মিনিট পর তাঁর ক্রসেই রনির পরিবর্তে নামা রবিনের চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ (২-০)। এবারের বাংলাদেশ লিগে এটাই রবিনের প্রথম গোল।এই ম্যাচে দুই দলে খেলেছেন দুই ভাই। আবাহনীর গোলরক্ষক সোহেল ও চট্টগ্রাম মোহামেডানের মিন্টু—ম্যাচের ১৩ মিনিটে দুই ভাই-ই জন্ম দিলেন ম্যাচের আলোচিত মুহূর্তটির। ছোট ভাই সোহেলকে গোল পোস্ট ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকতে দেখে প্রায় ৪০ গজ দূর থেকে শট নিয়েছিলেন মিন্টু। সোহেলের ভাগ্য ভালো, বল ক্রসবারে লেগে ফেরত আসে।