জয়েই অভিষেক পাকির আলীর
ডাগ আউটের একপাশে দাঁড়িয়ে নীল টুপি আর নীল ট্রাউজার পরা কোচ পাকির আলী। প্রথমার্ধে তাঁকে বিষণ্ন দেখাচ্ছিল। তবে ম্যাচ শেষে কর্পূরের মতো উবে গেল বিষণ্নতা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেকে যে জয় পেলেন। কমলাপুরে গ্রামীণফোন বাংলাদেশ লিগে কাল শেখ জামাল ২-০ গোলে হারাল ফরাশগঞ্জকে। ৫ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ জামাল। সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ফরাশগঞ্জ।জোরান কার্লেভিচের বিদায়ের পর শেখ জামাল ক্লাবে ছিল গুমোট পরিবেশ। এই জয়টা আমিনুলদের জন্যও যেন নির্মল বাতাস। ক্লাব সভাপতি মনজুর কাদেরও কি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন?গত সপ্তাহে পাকির আলী বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে এসেছিলেন। দেখেছিলেন কোচহীন কোটি টাকার দলের হার। এসেই এক সপ্তাহে দলকে মোটামুটি গুছিয়ে এনেছেন।তবে কালও শুরুতে এলোমেলো দেখাচ্ছিল শেখ জামালকে। প্রথমার্ধে বেশি আক্রমণে গেছে ফরাশগঞ্জই। দুটি গোলের সুযোগও হাতছাড়া হয়েছে তাদের। ৩৯ মিনিটে নাইজেরিয়ান মোজেসের হেড থেকে মলয় বর্মণ মাথা ছোঁয়ালেই হতো। পারেননি। ৬ মিনিট পর নাইজেরিয়ান কালু জনসনের হেড বারে লেগে ফিরে আসে।গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দেখা গেল গোছানো শেখ জামালকে। গোল পেতে মরিয়া ছিলেন এনামুল। গোল যেন সোনার হরিণ হয়ে পড়েছে তাঁর কাছে। ৫ ম্যাচে গোলশূন্য জাতীয় দলের স্ট্রাইকার। অবশ্য ৪৮ মিনিটে ডি বক্সের ভেতরে তাঁর মাইনাস থেকেই আত্মঘাতী গোলে উর্যাসব করে শেখ জামাল। ডিফেন্সে দাঁড়ানো ফরাশগঞ্জের শ্যামল হেড করে বল ক্লিয়ার করতে গেলে সেটি জালে ঢুকে পড়ে (১-০)।৫৭ মিনিটে মোডোর পাস থেকে শাকিলের কোনাকুনি গড়ানো শটও চলে যায় জালে (২-০)। খেলা শেষে কোচ পাকির আলীর মুখে তৃপ্তির হাসি, ‘ছেলেদের খেলায় আমি খুশি। আমার পরিকল্পনা মতোই খেলেছে সবাই। দল নির্বাচনেও কেউ হস্তক্ষেপ করেনি।’ ফরাশগঞ্জ কোচ কামাল বাবুর আক্ষেপ, ‘বেশির ভাগ গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে ইনজুরিতে। তা ছাড়া গোল মিসও হয়েছে কয়েকটি।’শেখ জামাল ধানমন্ডি: আমিনুল, ড্রাগন, মিশু, নাসিমুল, সুজন, মামুন, শাকিল (তৌহিদুল), আবদুল বাতেন, মোডো, জাহিদ হাসান, এনামুল।ফরাশগঞ্জ: সুজন, মোস্তাফিজুর (শোয়েব), আবদুল হামিদ, মকলেসুর, শ্যামল, রাশেদ (জাকির), সোহেল, মলয়, খোকন, মোজেস, জনসন।