অস্ট্রেলিয়া যখন ২১৭ রানে শেষ, মনে হচ্ছিল দুঃস্বপ্নের সফরটা থেকে সহজ জয় নিয়েই ফিরছে ইংল্যান্ড। সেই ম্যাচেরই কি না
এমন উত্তেজনাকর সমাপ্তি এবং ইংল্যান্ডের হার! শেষ ১২ বলে ইংল্যান্ডের দরকার ছিল ১২ রান, হাতে ২ উইকেট। রবি বোপারা অপরাজিত ২৪ রানে। ওভারের চতুর্থ বলে স্টাম্পড বোপারা। বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখার পর নিশ্চিত হওয়া গেল, বেল পড়ে যাওয়ার সময় বোপারার পা বাতাসে! ম্যাচের ভাগ্য নির্ধারিত এতেই।
বাকি ৭ বলে দরকার ছিল ৯ রান, উইকেটে শেষ দুই ব্যাটসম্যান। শেষ ওভারের চতুর্থ বলে ট্রেডওয়েল আউট হতেই অ্যাডিলেড ওভাল ফেটে পড়ল উচ্ছ্বাসে। ৪ রানে জয় তুলে অসাধারণ এক সিরিজের ‘মধুরেণ সমাপয়েৎ’ হলো অস্ট্রেলিয়ার। জাতীয় দিবসের উদ্যাপনটাও দারুণ হলো। এই জয় আবার তুলে দিল র্যাঙ্কিংয়ের এক নম্বরে।
উল্টো অবস্থা ইংলিশ শিবিরে। ১০ ম্যাচের নয়টিতেই হার, দেশে ওঠার বিমানে উঠতে পারলেই যেন বাঁচা যায়। কিন্তু এখনো যে বাকি তিনটি টি-টোয়েন্টি। অধিনায়ক অ্যালিস্টার কুক অবশ্য লন্ডনের বিমানে চড়ছেন আজই। টি-টোয়েন্টি তো এখন আর তাঁর বিষয় নয়। এই বিবেচনাতেই কুক যাচ্ছেন না আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফেব্রুয়ারি ও মার্চের ওই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে ওই সিরিজটাকে। কুক চাইছেন টি-টোয়েন্টির মতো ওয়ানডেটাও তাঁকে ছাড়াই খেলে প্রস্তুতি সারুক দল। আরেকটা কারণও অবশ্য আছে, কুক পাশে থাকতে চাইছেন সন্তানসম্ভবা স্ত্রীর। এএফপি, ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২১৭/৯ (বেইলি ৫৬, মার্শ ৩৬, ওয়েড ৩১; ব্রড ৩/৩১, স্টোকস ৩/৪৩, জর্ডান ২/৩৭, ব্রেসনান ১/৫১)।
ইংল্যান্ড: ৪৯.৪ ওভারে ২১২ (রুট ৫৫, কুক ৩৯, মরগান ৩৯ ; কোল্টার-নাইল ৩/৩৪, ম্যাকাই ৩/৩৬, ফকনার ২/৩৭, ওয়াটসন ১/৩৫)।
ফল: অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৪-১-এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জেমস ফকনার। ম্যান অব দ্য সিরিজ: অ্যারন ফিঞ্চ।