সবকিছুর শুরুতেই একটু সমস্যা হয়। প্রথম হাঁটতে শেখা, প্রথম গান গাওয়া, প্রথম খেলা...। জিম্বাবুয়েতে গিয়ে এবারের খেলাটাও এক ধরনের নতুন শুরুই ছিল আমার জন্য। বিদেশের মাটিতে খেললাম দুই বছর পর।লম্বা বিরতি পড়েছিল বলে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে। ওখানকার আবহাওয়াও ভিন্ন, উইকেট অন্য রকম। তার ওপর গত এশিয়া কাপে বলতে গেলে আমি বলই করিনি। অবশ্য শুরুর দিকে সমস্যা হলেও পরে সেটা ঠিক হয়ে গেছে।বোলিং যা করেছি, সন্তুষ্ট। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিংটা সব সময়ই জুয়া। ব্যাটসম্যানরা এখানে শট খেলবেই। আমার চেষ্টা ছিল রান কম দেওয়া। সে সঙ্গে ব্রেক থ্রুর চিন্তাও ছিল। ম্যাচ জিততে হলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কিছুটা হলেও চাপে ফেলে স্পিনারদের সুযোগ করে দিতে হবে। সেটা করতে গিয়েই বল অনেক সময় এদিক-সেদিক হয়েছি। মার যা খেয়েছি, ওসব বলেই। যদিও শেষ দিকে এই সমস্যাও কাটিয়ে উঠতে পেরেছি বলে মনে হয়। তার পরও এখনো আরও অনেক উন্নতি করতে হবে এবং সেটা খুব ভালোভাবেই সম্ভব।আমার পা দুটিকে ঠিক রাখতে নিয়মিত জিম করা দরকার। পায়ের শক্তি বাড়াতেই এটা জরুরি। কিন্তু হারারেতে গিয়ে এই সুবিধা কখনো পাই না। আমাদের হোটেলে তো নেই, ওখানে কোনো হোটেলেই জিমনেসিয়াম নেই। ১২-১৩ দিনে মাত্র দুই দিন জিম করেছি। প্র্যাকটিস ম্যাচের ভেন্যু কান্ট্রি ক্লাব মাঠে জিমনেসিয়াম ছিল। ওখানে খেলার দিন আর যে এক দিন অনুশীলন করেছি সেদিন জিম করেছি। নিয়মিত জিম না করায় পা একটু ব্যথা করেছে। পুরো সফরে আমার শারীরিক সমস্যা বলতে এটাই ছিল। মানসিকভাবেও একটু পিছিয়ে ছিলাম এ জন্য। নইলে অস্ত্রোপচারের পরের ভয়টা অনেকাংশেই কাটিয়ে উঠেছি।আমাদের বোলিং আক্রমণ সাকিবকেন্দ্রিক, কিন্তু সাকিব এবার ছিল না। এটা একটা সমস্যা ছিল এই সিরিজে। রিয়াদকেও যে কারণে মূল বোলারদের একজন ধরা হয়েছে। তবে আমরা যেহেতু জানতাম সাকিব নেই, সবাই চেষ্টা করেছে যার যার জায়গা থেকে একটু হলেও বেশি দিতে। সবাই মিলে সাকিবের অভাব কিছুটা হলেও কমাতে পেরেছি মনে হয়। এমনকি দলে এবারই প্রথম আসা পেসার রাজুও (আবুল হাসান) যথেষ্ট ভালো করেছে। পরিণত হতে আরও সময় দিতে হবে তাকে, তবে ওর বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য আছে। তার পরও সাকিবের না থাকাটা প্রতিপক্ষের জন্য বিরাট মানসিক শক্তি ছিল।জিম্বাবুয়েতে গিয়ে এবার ফাইনাল খেলে না আসতে পারাটা দুর্ভাগ্যজনক। আসলে প্রথম ম্যাচেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। ওই ম্যাচে মাঝখানে শট কম খেলেছে ব্যাটসম্যানরা, ওটাই হয়তো ভরাডুবির কারণ। অবশ্য নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে সব সময়ই ভালো দল। এবারও যে তাই ছিল সেটা তো তারা চ্যাম্পিয়ন হয়েই দেখিয়েছে। তবে আমাদের জন্য ভালো দিক হলো শুরুতে দুটি ম্যাচ হেরেও ফিরে আসতে পেরেছি, শেষ দুটি ম্যাচ জিতেছি।শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা দুটি সফর করব। এর মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাই বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখনো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আসতে পারেনি। আন্তর্জাতিক ম্যাচ বলে আয়ারল্যান্ড সিরিজ আমাদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ঢোকার সুযোগ করে দিতে পারে। যে কন্ডিশনে খেলা হবে সেটা শ্রীলঙ্কার চেয়ে ভিন্ন হলেও আমাদের চেষ্টা থাকবে ম্যাচ জেতার। বিশ্বকাপে জয়ের অভ্যাস নিয়ে যেতে পারলে আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকবে দলের।ফাইনালে না উঠলেও জিম্বাবুয়ে থেকে কিছুটা হলেও সেটা আনতে পেরেছি বলে মনে হয়। দলীয় পারফরম্যান্স, নিজের বোলিং—সব মিলিয়ে দুই বছর পর বিদেশে খেলতে যাওয়াটাকে নিরর্থক মনে হচ্ছে না তাই। তবে মেয়েটার কথা খুব মনে পড়েছে। দেশে ফেরার পর তার নাচানাচি দেখে অবশ্য এখন ভালোই লাগছে।