জয়ের অভ্যাসটা যেন থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তান-নেপাল উড়ে গেছে, হংকংকে নিয়ে আর কী দুশ্চিন্তা! অনুশীলনেও তাই ফুরফুরে মেজাজে থাকলেন মুশফিক-নাসির-তামিমরা । সৌরভ দাশ
আফগানিস্তান-নেপাল উড়ে গেছে, হংকংকে নিয়ে আর কী দুশ্চিন্তা! অনুশীলনেও তাই ফুরফুরে মেজাজে থাকলেন মুশফিক-নাসির-তামিমরা । সৌরভ দাশ

খেলা দেখতে দেখতে ঝাপসা হয়ে গেল চারদিক। প্রেসবক্সের কাচ দিয়ে মাঠের খেলোয়াড়েরা তো বটেই, পাশের গ্যালারির দর্শকদেরও শুধু অবয়বটাই বোঝা যাচ্ছিল। একই অবস্থা হয়েছে প্রেসিডেন্ট বক্সেও। বোর্ড সভাপতি খেলা দেখতে এসে দেখে গেছেন ঝাপসা ক্রিকেট!
দায় চট্টগ্রামের রাতের কুয়াশার। গত দুই-তিন দিন দিনের বেলা প্রচণ্ড গরম পড়লেও রাতে মাঠে পড়ছে শিশির জমানো কুয়াশা। সেই কুয়াশার আবরণেই ঢাকা পড়ছে প্রেসবক্স, প্রেসিডেন্ট বক্সের কাচ। কুয়াশা যে শুধু মাঠের খেলাটাকে অস্পষ্ট করে তুলছে তা নয়, মাঠেও ঘটছে নানা বিপত্তি। শিশিরভেজা বল স্পিনারদের ঠিকভাবে গ্রিপ করতে না-পারা তার একটি। হংকং ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ তো কাল রীতিমতো বিস্ময়ই প্রকাশ করলেন, ‘কাল (পরশু) রাতে বল ধরতেই সমস্যা হচ্ছিল। এই সময়ে এ রকম শিশির আমি তো আগে কখনো দেখিইনি, খেলোয়াড়েরাও খুব বিস্মিত।’
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ১৭টি ম্যাচ হওয়ার কথা। কিন্তু রাতগুলো যদি এমনই কুয়াশাচ্ছন্ন হতে থাকে, সন্দেহ নেই, ম্যাচের ফলাফলে বড় প্রভাবক হয়ে উঠবে শিশির। তার ওপর চট্টগ্রামের উইকেটে হালকা ঘাসও আছে। শিশিরভেজা বল গ্রিপ করতে না পেরে যেমন স্পিনাররা অসহায় হয়ে পড়বেন, ভেজা ঘাসে স্কিড করা বলগুলো বিপদে ফেলবে ব্যাটসম্যানদেরও।
বাংলাদেশ দলের অবশ্য শিশিরতত্ত্ব নিয়ে আর দুশ্চিন্তা না করলেও চলবে। আজকের প্রতিপক্ষ হংকংয়ের সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার যা ব্যবধান, তা ওই শিশিরের পক্ষে ঘোচানো সম্ভব নয়। আর দ্বিতীয় পর্বে তো বাংলাদেশ দলের সব ম্যাচই ঢাকায়! সেখানে এখনো শিশির সমস্যার কথা শোনা যায়নি।
জার্গেনসেনের সঙ্গে সংবাদ সম্মেলনে এসেছিলেন এনামুল হকও। মাঝে নিজের ব্যাটিং নিয়ে সমস্যায় ভুগছিলেন। তবে ছোটখাটো কিছু বিষয় শুধরে ফল পাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজ হংকংয়ের বিপক্ষে ম্যাচেও ভালো কিছু করার তাড়না এনামুলের। সে জন্য বলটা একটু পুরোনো হতে হবে, ‘বল পুরোনো হয়ে গেলে যত জোরেই বল করুক, আমার কাছে সহজ মনে হয়।’
প্রথম ম্যাচে অপরাজিত ৪৪, পরের ম্যাচে ৪২—এখন পর্যন্ত বিশ্বকাপে এনামুলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ জার্গেনসেন, ‘আমার সবচেয়ে ভালো লাগছে যে ছেলেরা আবারও চাঙা হয়ে উঠছে। আমার পাশে বসা এই তরুণ (এনামুল) যতটা সম্ভব ভালো খেলছে। অন্যরাও কঠোর পরিশ্রম করছে।’
হোক ছোট দলের বিপক্ষে, শ্রীলঙ্কা সিরিজ আর এশিয়া কাপের টানা ব্যর্থতার পর টি-টোয়েন্টি বিশ্বকাপই আবার জয়ের ধারায় ফিরিয়েছে বাংলাদেশকে। আজ হংকংকে হারাতে পারলে ৩৬ ম্যাচের টি-টোয়েন্টি ইতিহাসে বাংলাদেশ দল মাত্র দ্বিতীয়বারের মতো টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জিতবে। কোচ দলের এই পারফরম্যান্সে খুশি, তবে তৃপ্ত নন, ‘আমার দৃষ্টিতে উন্নতির সুযোগ সব সময়ই থাকে। ফিল্ডিংয়ে যেমন এখনো উন্নতির জায়গা আছে। শেষ ওভারগুলোর বোলিং নিয়েও কাজ করতে হবে। তবে হ্যাঁ, আমরা আমাদের প্রক্রিয়া নিয়ে খুবই সন্তুষ্ট। ব্যাটিংটা এখন পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আচরণ ও দৃষ্টিভঙ্গি। এই জায়গায় ধারাবাহিক থাকতে হবে।’
কোচের সঙ্গে মিলে যাচ্ছে এনামুলের চিন্তাভাবনাও, ‘জেতার অভ্যাস থাকা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি শ্রীলঙ্কা অনেক ম্যাচ জিততে জিততে এমন একটা অভ্যাস তৈরি করেছে। এখন অনেক ক্লোজ ম্যাচেও শেষ পর্যন্ত ওরা জিতেছে। জেতাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এই অভ্যাস ধরে রাখলে ক্লোজ ম্যাচও জেতা সম্ভব।’
জয়ের অভ্যাস ধরে রাখতে জার্গেনসনের ফর্মুলাটা খুব সহজ, ‘কঠোর পরিশ্রমের সঙ্গে ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে। আমরা যে আমূল বদলে গেছি, তা নয়। মাঝে কয়েকটা দিন বিরতি নিয়েছি, এই যা। বাজে একটা সময় কাটিয়ে আমরা এখন জানি এই টুর্নামেন্টটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
জানে বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমী মানুষও। সে জন্যই তো ‘টিম বাংলাদেশের’ দিকে আশাভরে তাকিয়ে থাকা!