জয়ের অভ্যাসটা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো হলে আমরাও বলতে পারতাম ইউরোপ সফরটা ভালো হয়েছে। কিন্তু শেষ ম্যাচে আমরা হল্যান্ডের কাছে হেরে গেলাম। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পরও মনের মধ্যে একটা খচখচানি তাই আছেই।টি-টোয়েন্টিতে ছোট দল বড় দল বলে কিছু নেই। শক্তির ব্যবধান এখানে কমে আসে। তার পরও বলব, স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে ওই দুটি ম্যাচে হারা উচিত হয়নি। অনেক বেশি জার্নি করতে হয়েছে আমাদের, বিশ্রাম কম হয়েছে এসব কথা বলাই যায়। কিন্তু আমি কোনো অজুহাত দেব না। আয়ারল্যান্ডে আমরা নিজেদের ভালো দল হিসেবে প্রমাণ করেছি। হল্যান্ডে এসে সেটা ধরে রাখতে পারিনি।আয়ারল্যান্ডে যাওয়ার আগে সেখানকার কন্ডিশন নিয়ে ভয় ছিল। মাঠে নামার পর সেই ভয় কোথায় যে উবে গেল! যাওয়ার আগেও আমি বলেছিলাম, জিম্বাবুয়ে সফরের পর সাকিব যোগ দেওয়ায় দলটা সব দিক দিয়েই ভারসাম্যপূর্ণ হয়েছে। এই সফরে আমাদের দলের একমাত্র দুর্বলতা ছিল টি-টোয়েন্টি সামর্থ্যে। সফরের সব ম্যাচ টি-টোয়েন্টি, অথচ আমরা এই ক্রিকেটটাই সবচেয়ে খারাপ খেলি। এক সাকিব ছাড়া কারোরই খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। আমরা সেই দুর্বলতা কাটিয়ে উঠে সিরিজ জিতেছি, নিজেদের ভালো দল হিসেবে দাঁড় করিয়েছি। ইউরোপ সফরের এটাই সবচেয়ে বড় অর্জন। এই সফরে আমরা এমন কিছু মুহূর্ত থেকে জয় ছিনিয়ে এনেছি যেটা এর আগে খুব কমই পেরেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টিতে এমন মুহূর্ত আসবেই এবং তাতে জিততে হবে। এক ম্যাচে আমি ৩০ করেছি। আরেক ম্যাচে জিয়া, আরেক ম্যাচে রিয়াদ (মাহমুদউল্লাহ), কেউ না কেউ এসে হাল ধরেছে। এটা ধারাবাহিকভাবে করতে পারাও একটা সাফল্য। দলের মধ্যে এটা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে ততই মঙ্গল। এ ছাড়া আয়ারল্যান্ড সফরে জয়ের অভ্যাসটাও ঢুকে গেছে আমাদের মধ্যে। হল্যান্ডে গিয়ে দুই ম্যাচে না হারলে আসন্ন ত্রিনিদাদ সফর হয়ে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতাম অভ্যাসটা। সেটা এখন আর না হলেও আমার বিশ্বাস, আয়ারল্যান্ডে আমরা যা-ই পেয়েছি, বিশ্বকাপে তাতেই আত্মবিশ্বাস বাড়বে।ব্যক্তিগতভাবে ইউরোপ সফর আমারও আত্মবিশ্বাস বাড়িয়েছে। জিম্বাবুয়ের চেয়ে এই সফরে আমার পারফরম্যান্স ভালো হয়েছে। হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাতে তো মনে হচ্ছিল, আমার কখনো কোনো ইনজুরিই ছিল না! কোনো ভয় নেই। প্রথম ৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নিলাম। মনে হচ্ছিল যা চাচ্ছি তাই পাচ্ছি। এমন পারফরম্যান্স যত বেশি করব, নিজের প্রতি আস্থা বাড়বে ততই। তবে এখানে আমি আমাদের বোলিং কোচ শেন জার্গেনসেনকেও কৃতিত্ব দিতে চাই। মানসিকভাবে আমাকে উজ্জীবিত করেছেন তিনিই।বিপিএলে খেলার সময় অনেক টেনশন কাজ করেছিল। তবে যখন এশিয়া কাপ খেলতে নামলাম, মনে হলো আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই। দেশের জন্য খেলতে নামলে নিজের জন্য খেললে হয় না। আর আমি জানতাম অস্ত্রোপচারের পর এটাই আমার শেষ সুযোগ। মনের মধ্যে ভয় রাখলে ভালো খেলা যাবে না। হাঁটুতে কয়টা অপারেশন হয়েছে সেটা আর ভাবছি না।