জয়ের আনন্দেও চেলসির দুশ্চিন্তা
জয় জয়ই। সে হোক ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দল অথবা নরউইচের মতো দুর্বল দলের বিপক্ষে। তাই তো নরউইচের বিপক্ষে জিতেও চেলসির জয়ের উচ্ছ্বাসে ভাসার কথা। কিন্তু উচ্ছ্বাসে তারা ভাসতে পারেনি। দিদিয়ের দ্রগবার চোট নিজেদের মাঠে পাওয়া জয় সেভাবে উদ্যাপন করতে দেয়নি চেলসিকে। বরং দুশ্চিন্তার বাতাসে ভারী হয়েছে স্টামফোর্ড ব্রিজ। প্রথমার্ধটা চেলসির ভালোই কেটেছে। বসিঙ্গার ৬ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল ‘ব্লু’রা। তবে ৬৩ মিনিটে সেই গোল শোধ করে হল্ট টেনশনে ফেলে দেন চেলসিকে। পেনাল্টি থেকে ল্যাম্পার্ড আর চেলসি অভিষেকেই মাতা গোল করে এই দুশ্চিন্তা থেকে চেলসিকে মুক্তি দেন, কিন্তু দ্রগবার মাথার চোট মুক্তির আনন্দে ভাসতে দেয়নি তাদের। ম্যাচ যখন ১-১, তখনই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় আইভরিয়ান স্ট্রাইকারকে। নরউইচের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে মাঠে পড়ে যান দ্রগবা। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। অক্সিজেন মাস্ক দিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে হাসপাতালে। ডাগ-আউটে নতুন কোচ ভিলাস-বোয়াসের অস্থির সময় কেটেছে প্রায় পুরোটা ম্যাচে। ম্যাচ শেষে অবশ্য ভালো খবরই দিয়েছেন তিনি, ‘দ্রগবার অবস্থার উন্নতি হচ্ছে। সে যেভাবে মাঠে পড়ে গেছে, ডাগ-আউট থেকেই ভয়াবহ মনে হয়েছে। তবে চোট তত গুরুতর নয়। সম্ভবত কালই (গতকাল) হাসপাতাল থেকে ছাড়া পাবে।’চেলসিতে যখন আনন্দ-দুঃখের যুগলবন্দী খেলা করেছে, লিভারপুল আর বায়ার্ন মিউনিখ ভেসেছে শুধুই জয়ের আনন্দে। মারিও গোমেজের হ্যাটট্রিকে কাইজারস্লটার্নকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। ম্যাচের পর বায়ার্ন কোচ ইয়াপ হেইঙ্কস বলেছেন, ‘এ মৌসুমে এখন পর্যন্ত মনে হয় এটাই আমাদের সেরা ম্যাচ।’ লিভারপুল বোল্টনের বিপক্ষে জিতেছে ৩-১ গোলে। লিভারপুলের গোল তিনটি করেছেন হেন্ডারসন, স্কার্টেল ও অ্যাডাম। গোমেজও হয়তো তাই বলবেন। গত মৌসুমের শুরুর দিকে নিজের ছায়া ছিলেন। শেষের দিকে ফিরে পেয়েছেন নিজেকে। এর পর থেকেই করে গেছেন একের পর এক গোল। তিনটি হ্যাটট্রিকসহ ৪৫ ম্যাচে করেছেন ৩৯ গোল। গত মৌসুমে যেখানে শেষ করেছেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছেন গোমেজ। শেষ আর শুরু মেলানোর কিছু নেই রবার্তো সলদাদোর। তবে স্প্যানিশ লিগের শুরুতেই হ্যাটট্রিক করেছেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার। রেসিং সান্তান্দারকে ৪-৩ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়া। চারটি গোলই করেছেন সলদাদো। এএফপি, রয়টার্স।