জয়ের আশাও জাগিয়েছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনে বেশ খানিকটা সময় কোন সাফল্যের দেখা না পেলেও শেষ বিকেলে সাকিব আল হাসান ও সোহাগ গাজীর দুর্দান্ত বোলিংয়ে জয়ের আশাও জাগিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ৬ উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে আজ চতুর্থ দিন শেষ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সাকিব, সোহাগ ও রুবেল প্রত্যেকেই নিয়েছেন দুইটি করে উইকেট। এখন দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা এগিয়ে আছে ২১৫ রানে। আগামীকাল শেষ দিনে বোলাররা যদি সফরকারীদের দ্রুত গুটিয়ে দিতে পারেন তাহলে জয়ের আশা বেশ ভালোমতোই থাকবে টাইগারদের।আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ৫০০ রানের মাইলফলক পার করেছে বাংলাদেশ। পেয়েছিল ২৯ রানের লিডও। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বভাবসুলভ ভঙ্গিতে ঝড়োগতিতেই শুরু করেছিলেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। কিন্তু বেশিদূর যেতে পারেননি বিধ্বংসী এই ব্যাটসম্যান। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে গেইলের সংগ্রহই ছিল ১৯ রান। দ্বিতীয় উইকেটে ১৮৯ রানের জুটি গড়ে দীর্ঘসময় ধরে বাংলাদেশী বোলারদের হতাশায় ডুবিয়েছিলেন ড্যারেন ব্রাভো ও কাইরন পাওয়েল। কিন্তু দিনের শেষ ১৪ ওভারেই মিরপুর টেস্টের হিসেব নিকেশ পাল্টে দিয়েছেন বাংলাদেশের বোলাররা। প্রথমে টানা দুই ওভারে ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলসের উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান রুবেল ও সোহাগ গাজী। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতকের দেখা পেয়েছেন কাইরন পাওয়েল। এরপর নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যান সাকিব আল হাসান। বামহাতি এই অফস্পিনার তুলে নিয়েছেন সেঞ্চুরি করা পাওয়েল ও দিনেশ রামদিনের উইকেট। ১১০ রান করে ফিরে গেছেন পাওয়েল। দিনের শেষ বলে পারমাউলকেও আউট করেছেন সোহাগ গাজী।এর আগে ৪ উইকেটে ৫২৭ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়দের চমকে দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। টেস্টের চতুর্থ দিনে এসে আজ ৫৫৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।আগের দিন ৩৩ রানে অপরাজিত থাকা নাসির হোসেন অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি। আউট হন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৬ রানে। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ফেরেন ৬২ রানে।৪ উইকেটে ৪৫৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। দলীয় ৪৮৯ রানে মাহমুদউল্লাহ-নাসিরের ১২১ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। একই ওভারে নারাইনের বলে বোল্ড হন অভিষেক টেস্ট খেলা সোহাগ গাজী (৪)। দলের এ অবস্থায় এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন নাসির, সফলও হয়েছেন। তবে শেষ পর্যন্ত একটা আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাঁকে—মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ।আজ থেকে সাত বছর আগে গড়া টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। এত দিন বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৮৮ রান। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছিল রেকর্ডটি।