জয়ের আশায় জার্গেনসেন
শেন জার্গেনসেনের কথাটা মাটিতে পড়তে দিলেন না তাসকিন আহমেদ। উপড়ে ফেললেন জহুরুল ইসলামে স্টাম্প। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধানের রুমের আড্ডায় কথা থামিয়ে জার্গেনসেন বলে উঠলেন, ‘গতিটা দেখলে! ও কিন্তু আবারও প্রমাণ করে দিল...।’বিপিএলে চিটাগং কিংসের তরুণ এই পেসার মুগ্ধ করেছে বাংলাদেশ দলের নতুন কোচ শেন জার্গেনসেনকে। গত দেড় বছর বোলিং কোচের দায়িত্বে ছিলেন। সেই সুবাদে বয়সভিত্তিক দল আর একাডেমির বোলারদের সঙ্গে টুকটাক কাজ করার সুযোগ হয়েছে। তাসকিনের ওপর দৃষ্টিটা তখন থেকেই।বোলিং কোচ থেকে এখন প্রধান কোচের দায়িত্বে। বোলারদের দিকে না তাকিয়ে তাঁর দৃষ্টি ছড়িয়ে দিতে হচ্ছে পুরো দলের ওপর। অনুশীলনে নামার আগে মাঠের বাইরের কাজেও আরও বেশি সম্পৃক্ত হচ্ছেন এই অস্ট্রেলিয়ান। ছুটি কাটিয়ে পরশু ঢাকায় ফিরে কালকের দিনটা যেমন কাটল ব্যস্ততায়। দুপুরের পর বিসিবি অফিসে এসে শ্রীলঙ্কা সফরের দল আর প্রস্তুতি-সংক্রান্ত লম্বা সভা করলেন ক্রিকেট পরিচালনা প্রধান ও নির্বাচকদের সঙ্গে। পরে বিসিবি অফিসে বসেই দেখলেন বিপিএলের চিটাগং কিংস-দুরন্ত রাজশাহী ম্যাচ।প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক দলের প্রধান কোচ হয়ে দারুণ রোমাঞ্চিত জার্গেনসেন। বিসিবির দেওয়া দায়িত্বে সম্মানিতও বোধ করছেন, ‘দলটাকে সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। এখন লম্বা পরিকল্পনা নিয়ে কাজ করতে পারব। টেস্টে ভালো করতে চাই আমরা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। কাজেই উন্নতির ধারা ধরে রাখতে হবে।’রিচার্ড পাইবাস যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত হোম সিরিজেই প্রথম অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান। নতুন কোচের সন্ধানে নেমে তাঁর চেয়ে ভালো আর কাউকে পায়নি বিসিবি। আপাতত এ বছরের জন্য তাই জার্গেনসেনের হাতেই তুলে দেওয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতির জন্য ২০ ফেব্রুয়ারি থেকে মাঠে নামবেন নতুন প্রধান কোচ। বিপিএলের খেলা এর মধ্যে শেষ হয়ে যাবে, ২৫ জনের প্রাথমিক তালিকায় থাকা এমন ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। আর যাঁরা দ্বিতীয় পর্বে খেলছেন, তাঁরা যোগ দেবেন ২৪ ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি।শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশ দলের জন্য সব সময়ই কঠিন। তার পরও সিরিজ জয়ের কথা ভাবছেন জার্গেনসেন, ‘আমি অবশ্যই জিততে চাইব। আমাদের সে মানসিকতা তৈরি করতে হবে, জেতার মতো পরিস্থিতি তৈরি করতে হবে। প্রক্রিয়াটা ঠিক থাকলে আমরা জিতবই। তবে এখন শুধু এটুকুই বলব, আমি জিততে চাই এবং যতটা সম্ভব ভালো খেলতে চাই।’কোচের প্রত্যাশা এমনই হবে স্বাভাবিক। কিন্তু শ্রীলঙ্কা সফরে এই প্রত্যাশা কতটা বাস্তবধর্মী? কোচ প্রশ্নটার উত্তর সরাসরি না দিয়ে বললেন মানসিকতা পরিবর্তনের কথা, ‘টেস্ট ক্রিকেটের কথা যদি বলেন, অতীতকে ভুলে যাওয়াই ভালো। সেটা থেকে সরে এসে আমাদের দেখতে হবে কীভাবে পরিস্থিতিটা উল্টে দেওয়া যায়।’ ক্রিকেটাররা পারবেন, সেই আস্থা আছে জার্গেনসেনের।কিন্তু প্রধান কোচ হিসেবে কতটা আস্থাবান জার্গেনসেন? বিশেষ করে দেড় বছর ধরে তাঁর দায়িত্বে থাকার পরও যখন পেস বোলিংটাই বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। পেসারদের এখনো একটা মানদণ্ডে পৌঁছে দিতে না-পারার অতৃপ্তি আছে তাঁরও। প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর এটা নিয়ে তাই ভাবতে শুরু করেছেন নতুন করে, ‘আমি মনে করি, আমাদের বেশ কয়েকজন প্রতিভাবান পেস বোলার আছে, তাদের অনেককে এখনো আমরা দেখিওনি। তাসকিন তাদের একজন। এ রকম আরও ৮-১০ জন আছে যাদের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। চূড়ান্ত দলে আসতে পারে, এমন ৮ বোলারের ওপর আমরা চোখ রাখছি।’তাসকিনের কথাটা বারবার বললেও তাঁকে এখনই জাতীয় দলের জন্য তৈরি ভাবছেন না জার্গেনসেন, ‘মাঝে ইনজুরিতে না পড়লে হয়তো শ্রীলঙ্কা বা জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ভাবা যেত। দুর্ভাগ্যজনকভাবে সেটা এখন সম্ভব নয়। তবে তাকে আমরা ভবিষ্যতের জন্য ভাবতে পারি। তাসকিন ভালো বোলার, তবে তাকে আরও শক্তিশালী হতে হবে।’প্রধান কোচ হিসেবে সব সময় ব্যাটিং বিশেষজ্ঞদেরই পেয়ে এসেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ক্রিকেটে পার হয়ে আসা উন্নতির ধাপগুলোয় তাই ব্যাটসম্যানদের অবদানই এত দিন বেশি দেখা গেছে। এবার প্রধান কোচ যখন একজন বোলিং বিশেষজ্ঞ, ম্যাচ উইনার হিসেবে লাফিয়ে উঠবেন কোনো পেসার—এই আশাতেই বুক বাঁধতে হয়!