জয়ের আশায় ‘জর্জেভিচ যুগ’
‘কোটানের বাংলাদেশ’, ‘ক্রুসিয়ানির বাংলাদেশ’, ‘ডিডোর বাংলাদেশ’... এবার ‘জর্জেভিচের বাংলাদেশ’। জর্জ কোটান সাফ ফুটবল শিরোপা দিয়েছেন, ক্রুসিয়ানির উপহার ছিল লাতিন ঘরানার ফুটবল। ডিডোর বাংলাদেশ লাতিন আর ইউরোপিয়ান ফুটবলে মিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। সময় পেলেন না। সার্বিয়ান জোরান জর্জেভিচ-যুগটা কেমন হবে? আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় চোখ রাখুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে অথবা টিভি পর্দায়। দক্ষিণ এশীয় গেমসে প্রথম ম্যাচে দিয়ে আজ জর্জেভিচের হাত ধরে নতুন যাত্রা করছে বাংলাদেশের ফুটবল।প্রতিপক্ষ নেপাল, ভয়ের কিছু নেই। এ কারণেই জর্জেভিচ বলতে পারলেন, ‘আশা করি নেপালের বিপক্ষে জয় দিয়েই গেমস অভিযান শুরু করতে পারব।’এক মাস আগে এই ঘরের মাঠেই সাফ ফুটবলের সেমিফাইনালে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার সেই ছবিটা মাঠে বসেই দেখেছিলেন জর্জেভিচ। কোচ হয়ে ফিরে আসার পর সেই বিপর্যয়ের কারণটাও জানান, ‘মানসিকভাবেই সেদিন বাংলাদেশ হেরে গিয়েছিল। একবিন্দু লড়াই করেনি।’খাঁটি কথা। কিন্তু অনেক সময় তা শুনতে খারাপ লাগে। বাংলাদেশ দলের অধিনায়ক আমিনুল যেমন আর পেছনে যেতেই চান না। তিনি তাকাচ্ছেন সামনের দিকে। কাল দুপুরে হোটেল লবিতে আমিনুল বললেন, ‘পেছনের কথা টেনে কোনো লাভ নেই। আমরা এখন নতুনভাবে শুরু করতে চাই।’নতুন করে শুরু করার মধ্যে একটা প্রচ্ছন্ন ঘোষণা থাকছেই—‘দক্ষিণ এশীয় গেমসে ফুটবলের সোনাটা আমরা ফিরে পেতে চাই।’ ১৯৯৯ সালে যেটি জয়ের পরের আসরেই (২০০৪ ইসলামাবাদ) হাতছাড়া হয়ে যায়। সেবার সেমিফাইনালে ওঠা যায়নি, গতবারও সেমির আগেই বিদায়। টানা ব্যর্থতার বৃত্ত এবার ভাঙা যাবে, যদি বাংলাদেশ দল ৯০ মিনিট ফুটবল খেলতে পারে—বাংলাদেশ শিবিরে এমন কথাই উচ্চারিত হচ্ছে বেশি!৪০-৫০ মিনিট পর আর বাংলাদেশ দলকে খুঁজে পাওয়া যায় না বেশির ভাগ ম্যাচেই। ‘কোচ নিশ্চিত করতে চান, আমরা ৯০ মিনিট খেলছি। এটাই দেখলাম তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ’—জানালেন আমিনুল। খেলোয়াড়েরা তৈরি তো? ম্যাচের আগের দিন বাংলাদেশ শিবির নিজেদের তৈরি বলেই দাবি করল। দুই স্ট্রাইকার এমিলি-এনামুল পাশাপাশি বসে বললেন, দেশের মাটিতে গেমস ফুটবলটাকে মর্যাদার লড়াই হিসেবেই তাঁরা দেখছেন। তাতে বাংলাদেশকে এগিয়ে রাখছেন এমিলি, ‘অন্যদের চেয়ে আমরা সিনিয়রিটির দিক থেকে এগিয়ে। আমাদের দলেই সবচেয়ে বেশি অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়। এই সুবিধাটা কাজে লাগাতে পারলে আমরা সোনা জিতব আশা করি।’ সেটি জিততে জ্বলে উঠতে হবে স্ট্রাইকার এনামুলকে। সাফ ফুটবলে ৪ গোল করে বাংলাদেশের সেরা গোলদাতা হয়েছেন, এবার এনামুলকে নিতে হবে বাড়তি দায়িত্ব এবং তা তিনি জানেন, ‘গোল করা আমার দায়িত্ব। আমি চেষ্টা করব গোল করে যেতে এবং দলকে জেতাতে।’নেপালের সেরা স্ট্রাইকার অনিল গুরুংও চান তাঁর দলকে জেতাতে। সতীর্থ স্ট্রাইকার জুমান রাইও তৈরি। এনামুল-এমিলি না, গুরং-রাই জুটি—মাঠেই মিলবে প্রমাণ। গত সাফ ফুটবলে নেপাল সেমিফাইনালে উঠতে না পারলেও তিনটি মাচেই গোছানো ফুটবল খেলে গেছে। সেই স্কোয়াডের ১৩ জন খেলোয়াড় আছে অনূর্ধ্ব-২৩ দলে। নাম বদলালেও আগের দলটাই থেকে যাওয়ায় বাংলাদেশ শিবির সমীহ করছে নেপালকে। বাংলাদেশের ডিফেন্ডার ওয়ালি ফয়সালের চোখে, ‘দলটি বেশ ভালো।’গত এসএ গেমসে দু দলের ম্যাচ ছিল ১-১। এবার কেমন হতে পারে স্কোরলাইন? নেপাল কোচ যুগম্বর সাওয়াল হেসে বললেন, ‘সব দলই জিততে চায়। আমরাও জিততেই মাঠে যাব।’