জয়ের ইনিংসে তো টেস্টেরও জয়

শতকের পর মাহমুদুল হাসান জয়টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজটা সেই হাবিবুল বাশার থেকে শুরু করে তামিম ইকবাল পারেননি। মুশফিকুর রহিম-লিটন দাস-সাকিব আল হাসানও না। আরও একটা কীর্তি হলো, সেটা শুধু বাংলাদেশ কেন, এশিয়ার কোনো ওপেনারেরই ছিল না।


মাহমুদুল হাসান জয় দুটি কীর্তিই গড়লেন প্রথম সুযোগে। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি, প্রথম এশিয়ান ওপেনার হিসেবে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা দুই দেশেই অভিষেক ইনিংসে ২০০-এর বেশি বলও খেলে ফেললেন পথিমধ্যে।


অর্জনটা কত বিশাল, তা পরিষ্কার এই দুই রেকর্ডেই। কিন্তু এতেও কি জয়ের ইনিংসের পুরো মাহাত্ম্যটা ধরা যাচ্ছে? উদ্বোধনী ব্যাটসম্যান যেহেতু, শুরুতেই নামতে হয়েছে; আউট হয়েছেন একদম শেষ ব্যাটসম্যান হিসেবে; দলের ইনিংসে আর কেউ করতে পারেননি ৪১ রানের বেশি; শেষ পর্যন্ত বাংলাদেশ দল যদি ডারবান টেস্টটা ড্র করেই ফেলে, তাতে যে নৈতিক বিজয়টা দক্ষিণ আফ্রিকার হবে না, সেটা তো নিশ্চিত হয়েছে জয়ের ৩২৬ বল স্থায়ী ১৩৭ রানের মহাকাব্যেই।

এমন ইনিংসের পর প্রশংসার বানে তিনি ভেসে যাবেন, তাতে আর আশ্চর্য কী! বলের পর বল তাঁর নিরেট ব্যাটে এসে মাথা কুটে মরেছে দক্ষিণ আফ্রিকান বোলারদের ছোড়া বাণ আর জয়ের টেম্পারামেন্টের শংসাপত্রে টিক পড়েছে একের পর এক। এমন এক ওপেনারই না বাংলাদেশ খুঁজে ফিরছিল এত দিন!

আগের দিন শেষ করেছিলেন ৪৪ রানে। দিনের শেষ ঘণ্টায় বাংলাদেশ যখন ১৪ রানে হারাল ৩ উইকেট, তিনি অন্য প্রান্তে ছিলেন অবিচল। আজ, তৃতীয় দিনের শুরুটা হলো জমিন শক্ত করার মিশনেই। দিনের শুরুতে যে ৯ ওভার করলেন পেসাররা, সেখান থেকে তিনি তুললেন মাত্র ২ রান।


পেসাররা অবশ্য নয়, পয়লা এপ্রিলের পর থেকেই বাংলাদেশের মাথাব্যথার নাম হয়ে উঠেছেন সাইমন হারমার। বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যানই ফিরেছেন কলপ্যাক খেলে ফেরা অফ-স্পিনারের বলে, আজ তিনি আরও কতটা ধ্বংসযজ্ঞ চালান, শঙ্কা ছিল সেটা নিয়েই।

শতকের পর জয়কে অভিনন্দন মিরাজের
এএফপি

যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাই যে শূন্যতে, তার পেছনে এক অফ-স্পিনারেরই অবদান, তবু অফ স্পিনারদের খেলতে সমস্যা হয়, এমন দুর্নাম মাহমুদুল হাসান জয়ের এখনো হয়নি। আর আগের দিন জয়ও স্বাচ্ছন্দ্যেই খেলেছিলেন হারমারকে। আজ হারমার বলে আসতেই জয় বুঝিয়ে দিলেন তাঁর অভিপ্রায়। স্বাগত জানালেন চারে, প্রথম যে ১২টা বল খেললেন, সেখান থেকে এল ১৬ রান। কাউ কর্নারের ওপর দিকে একটা ছয়ও সেখানে ছিল।

জয়ের টেম্পারামেন্টের সবচেয়ে বড় পরীক্ষাটা বোধ হয় নেওয়া হলো এরপরই। নিলেন সাইমন হারমার। ফিল্ডার ছড়ানোর বদলে তখন আরও যেন চেপে ধরা হলো তাঁকে। ব্যাকওয়ার্ড লেগের ফিল্ডার এগিয়ে এসে দাঁড়ালেন শর্ট ব্যাকওয়ার্ড লেগে। কাভারটা ফাঁকা করে ফিল্ডার রাখা হলো শর্ট মিড-অনে। আউটের ফাঁদ বেড়ে গেল আরও। কীভাবে?

হারমারের বলে জয় ছয় হাঁকানোর আগে
সংগৃহীত
হারমারের বলে জয় ছয় হাঁকানোর পরে
সংগৃহীত

১. প্রথমত, তাঁর স্লগগুলো আটকে দেওয়া হলো মিড উইকেটে ফিল্ডার পাঠিয়ে। লং-অনে বল ঠেলেও যে নির্বিঘ্নে এক-দুই খেলবেন, সেটা বন্ধ করতে শর্ট মিড-অনে এসে দাঁড়ালেন অধিনায়ক ডিন এলগার নিজেই। বার্তা পরিষ্কার, লেগ সাইডে খেলতে চাইলে খেলো, এলগারের মাথার ওপর দয়ে বল উড়িয়ে কিছু চার-ছক্কাও হাঁকাতে পারো। তবে মিস টাইমিং করে উইকেট দিলে আমাদের না করার কোনো কারণ নেই। তোমার দল এখনো ফলোঅনও এড়ায়নি।


২. সুইপ করতে গিয়ে শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো ফিল্ডারকে ক্যাচ প্রায় দিয়েই দিয়েছিলেন কেশব মহারাজের বলে। আবারও সুইপ করতে গেলে সেই ঝুঁকি তাই থাকতই, রান করার জন্য ওই অপশনটা তাই ধর্তব্যে আনা যাচ্ছে না। সে জন্য জয়ের সামনে উন্মুক্ত রাখা হয়েছে কাভার অঞ্চলটা। ব্যাটের ফেসটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বলে অন সাইডে খেলাটাই জয়ের সহজাত, কাভারে অঞ্চলটায় খেলতে চাইলে জয়কে চলতে হতো সম্পূর্ণ উল্টো স্রোতে। বল নির্বাচনে ভুল করলেই তাই স্লিপে ক্যাচ যাওয়ার সমূহ সম্ভাবনা, বাবর আজমের হাতে যেমন গিয়েছিল।


৩. অন্য একটা অপশন হতে পারে, উইকেটে গেড়ে বসে থাকা। কিন্তু সেখানেও তো বিপদ কম নয়। ডারবানের উইকেট স্পিন-সহায়ক কী পেস-সহায়ক, এ নিয়ে একটা বিতর্কের গুঞ্জন টের পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গেলেই। পরিসংখ্যান বলছে, গত দিনের ৩.৫ ডিগ্রি স্পিনের বিপরীতে আজ প্রথম সেশনে স্পিনাররা উইকেট থেকে টার্ন পাচ্ছিলেন ৪.৩ ডিগ্রি, অর্থাৎ উইকেট আরও বেশি স্পিনারবান্ধব হচ্ছে। সেখানে জায়গায় দাঁড়িয়ে কেবল বল আটকে গেলেও শর্ট লেগ বা লেগ-স্লিপে ক্যাচ তুলে দিতে হতে পারে। যেটা দিতে হয়েছিলও ৬৪ রানে দাঁড়িয়ে। ভাগ্য জয়ের ভালো, শার্ল আরভিউ ক্যাচটা হাতে জমাতে পারেননি।

আরও পড়ুন

প্রতিক্রিয়াস্বরূপ, স্ট্যান্সটা একটু লেগ-সাইডে নিতে হয়েছে স্বাভাবিকভাবেই, যেন ঘাড়ের কাছে নিশ্বাস ফেলতে থাকা দুই ফিল্ডারকে ম্যাচের বাইরে রাখা যায়। রানের বল্গাঘোড়াও আর ছোটাতে পারেননি আগের মতো, হারমার পরে ওভারপিচড বলও করেননি খুব একটা। প্রথম সেশনের বাকি সময়টায় জয় রান তুলেছেন ১৭, হারমারের আরও ৪ ওভার খেলে মাত্র ৫। তবে সে সময়টায় উইকেটও দেননি, বেঁচে ছিলেন। দক্ষিণ আফ্রিকানদেরও তাই হতাশ হয়ে বেছে নিতে হয়েছে ভিন্ন পরিকল্পনা। আর পরে বাংলাদেশের রানটাকে ২৯৮ অব্দি তুলে ড্রয়ের আশাটাও চড়িয়েছেন জয়।


‘টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট’ বলে শোর তোলেন প্রায় সবাই। তার পেছনে জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়াটাই নাকি কারণ। কথাটা বোধ হয় সত্যিই। বলুন না, আর কোনো খেলা কি এভাবে বেঁচে থাকাটাও উদ্‌যাপন করে?

আরও পড়ুন